অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রোববার এক আদেশে অগ্রণী ব্যাংককে বরখাস্তের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, অর্থমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে আদেশের অনুলিপি দেওয়া হয়েছে।
বরখাস্তের পাশাপাশি মিজানুর রহমান খানকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত করা হয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওই আদেশে বলা হয়েছে, ‘যেহেতু মিজানুর রহমান খান দুদকের দায়েরকৃত মামলায় গত ৩০ জুন গ্রেপ্তার হয়ে বর্তমানে আটক/কোর্ট হেফাজতে রয়েছেন, সেহেতু বাংলাদেশ সার্ভিস রুলস, পার্ট-১-এর নোট-২ মোতাবেক ৩০ জুন থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।’
বরখাস্ত থাকাকালে মিজানুর রহমান খান অবশ্য অগ্রণী ব্যাংক থেকে ‘খোরপোষ ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা’ পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়।
বাংলাদেশ ব্যাংক ৩০ জুন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণের পর একই দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মিজানুর রহমান খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়। কয়েক ঘণ্টা পরই তিনি গ্রেপ্তার হন এবং গত বৃহস্পতিবার জামিনে বের হন।
ঢাকার কল্যাণপুর বাসস্ট্যান্ডের কাছে ২০ তলা ভবন তৈরির জন্য মুন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মুন বাংলাদেশ লিমিটেডকে ১০৮ কোটি টাকা ঋণ দেয় অগ্রণী ব্যাংক। মিজানুর রহমান খান অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার মহাব্যবস্থাপক থাকাকালে জমির বৈধ দলিল জমা না নিয়েই এ ঋণ দেন। এ ব্যাপারে মুন গ্রুপের স্বত্বাধিকারী মিজানুর রহমানের বিরুদ্ধে জমির আমমোক্তার (শেখ মো. জয়নাল আবেদীনের পুত্র) শেখ মো. আবদুল গণির মামলা রয়েছে।