অগ্রণী ব্যাংকের নিলামের ওপর স্থগিতাদেশ
মুন বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে দেওয়া ঋণের টাকা আদায়ে অগ্রণী ব্যাংকের নিলাম বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ৯ সেপ্টেম্বর আদেশটি দেন।
এ ছাড়া ওই বিজ্ঞপ্তি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন আদালত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপব্যবস্থাপনা পরিচালক এবং মুন বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারী শেখ মো. জয়নাল আবেদীনের পক্ষে ছিলেন আইনজীবী বিভূতি তরফদার।
জমির মালিকানার বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও মুন বাংলাদেশ লিমিটেডকে তিন বছর আগে ১১৫ কোটি টাকা ঋণ দেয় অগ্রণী ব্যাংক। ঋণের টাকায় রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ৫২ শতাংশ জমির ওপর ২০ তলা ভবন তৈরি করা হয়।
মিরপুর পাইকপাড়া মৌজার সিএস ৫৫৫ দাগের এই জমিসহ মোট ১২০ কাঠা জমি জাল-জালিয়াতির মাধ্যমে দখল করার অভিযোগ রয়েছে মো. মিজানুর রহমানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন জমির উচ্ছেদ হওয়া মালিক শেখ মো. জয়নাল আবেদীনের ছেলে ও জমির আমমোক্তার শেখ মো. আবদুল গণি।
জানা গেছে, ঋণ দেওয়ার পর মিজানুর রহমানের কাছ থেকে ব্যাংক কোনো টাকাই ফেরত পায়নি। সুদাসলে তাঁর কাছে ব্যাংকের পাওনা ১৩২ কোটি টাকা। এ টাকা আদায়ের কথা বলেই গত ২০ আগস্ট ওই সম্পত্তি বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে অগ্রণী ব্যাংক। আজ মঙ্গলবার ছিল এ নিলামে অংশ নেওয়ার শেষ দিন।
ঋণ দিয়ে জনগণের আমানতকে ঝুঁকিপূর্ণ করায় কেন্দ্রীয় ব্যাংক অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদকে সরাসরি দায়ী করেছে।
অগ্রণী ব্যাংকের আইনি বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর খানের কাছে জানতে চাইলে গতকাল সোমবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, স্থগিতাদেশের খবরটি তাঁরা জেনেছেন এবং ব্যাংকের আইনজীবীর মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।
প্রথম আলোয় গত ২৭ আগস্ট ‘কার সম্পত্তি নিলামে তুলছে অগ্রণী ব্যাংক!’ শীর্ষক প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়।