অগ্রণীর এমডিকে অপসারণের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেয়াদের শেষ সময়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী নিজ ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর ফজলে কবির।
ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণ করায় শুনানি শেষে তাঁকে অপসারণের সুপারিশ করে বাংলাদেশ ব্যাংকের স্থায়ী কমিটি। তাতেই গতকাল বুধবার বিকেলে অনুমোদন দেন গভর্নর।
আজ বৃহস্পতিবার সকালে চিঠি দিয়ে তাঁকে অপসারণের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১০ জুলাই তাঁর মেয়াদ শেষ।
এর আগে নিজ ক্ষমতাবলে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির জন্য বেসিক ব্যাংকের এমডি কাজী ফখরুল ইসলামকে অপসারণ করেছিলেন তৎকালীন গভর্নর আতিউর রহমান।
গতকাল দুপুর ২টায় অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা থাকলেও চেয়ারম্যান জায়েদ বখ্ত বাংলাদেশ ব্যাংকে থাকায় সময়মতো সভা শুরু হয়নি। পরে বিকেল ৪টায় চেয়ারম্যান ফিরলে কুশল বিনিময় হয়, তবে সভার আলোচ্যসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি। এরপর বিদায় নেন আবদুল হামিদ। এদিকে এমডি অপসারণ হতে পারেন—এমন আশঙ্কায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতি ও অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ আজ বৃহস্পতিবার আবদুল হামিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানান। অন্য দায়িত্বশীল কেউ নাম প্রকাশ করে কিছু বলতে রাজি হননি। শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আইন অনুযায়ী একক ক্ষমতাবলে গভর্নর অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। এখন বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে।’
সন্ধ্যায় যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রথম আলোকে বলেন, ‘সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।’
জানা গেছে, অগ্রণী ব্যাংকের এমডিকে বিভিন্ন অনিয়মের দায়ে ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী কেন অপসারণ করা হবে না, জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়। পরে তিনি জবাব দিলে সন্তুষ্ট হতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এরপর চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের স্থায়ী কমিটি তার শুনানি করে। ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে ৯০৬ কোটি টাকা অনিয়মের অভিযোগ আনা হলেও পরে ৭৯২ কোটি টাকা অনিয়মের জন্য অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে ৪৩৫ কোটি টাকা ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে। শুনানি শেষে ২১ জুন স্থায়ী কমিটি তাঁকে অপসারণের জন্য গভর্নরের কাছে সুপারিশ জমা দেয়। গভর্নর ফজলে কবির গতকাল বুধবার বিকেলে তাতে অনুমোদন দেন।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, সরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে স্থায়ী কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৪৬ ধারা অনুযায়ী গভর্নর অপসারণের সিদ্ধান্ত নিতে পারেন। সংক্ষুব্ধ ব্যক্তি আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পর্ষদের নিকট আপিল করতে পারবেন।
গত বছরের জুলাইয়ে নিয়ম ভেঙে আবদুল হামিদের মেয়াদ এক বছর বাড়িয়ে দেয় অর্থ মন্ত্রণালয়। সে সময় অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ‘১১ জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য অগ্রণী ব্যাংকের এমডি পদে সৈয়দ আবদুল হামিদের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দেওয়া হলো। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণের প্রয়োজন নেই।’ যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাঁর মেয়াদ বাড়াতে আপত্তি ছিল।
জানা গেছে, ২০১১ সালে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রধান শাখা থেকে তানাকা ট্রেডকম ইন্টারন্যাশনালকে ১২০ কোটি টাকার ঋণ সুবিধা দেয়। পর্ষদের অনুমোদন ছাড়াই এমডি নিজে জামানত পরিবর্তন করে দেন। যদিও এ ক্ষমতা তাঁর ছিল না। এরপর ২০১৫ সালে ১১ কোটি টাকা ঋণ নবায়ন করে দেন এমডি, পাশাপাশি ৪৬ কোটি টাকা ঋণ খেলাপি হওয়ার পরও নিয়মিত দেখানো হয়। ঋণঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা, ২০১৩ লঙ্ঘন করে ২০০ কোটি টাকা ঋণপত্র সীমা দুবার নবায়ন করেন এমডি। এ ছাড়া সানমুন গ্রুপের কর্ণধার মিজানুর রহমান মিজান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ দিয়ে ব্যাংককে ঝুঁকিতে ফেলেছেন। এমন কয়েকটি অনিয়মের কারণেই তাঁকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।