অগ্রণীর দুয়ার ব্যাংকিং আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অগ্রণী দুয়ার ব্যাংকিং’ নামে এজেন্ট ব্যাংকিং চালু করতে যাচ্ছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকের শাখা নেই, এসব ইউনিয়নে দুয়ার ব্যাংকিং চালুর পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে ২০০টি বুথে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক প্রথম আলোকে বলেন, ‘এজেন্ট ব্যাংকিংয়ের সব ধরনের অনুমোদন পাওয়া গেছে। সেবাটি চালুর সব প্রক্রিয়া প্রায় শেষ। শিগগির সেবাটি নিয়ে আমরা প্রত্যন্ত এলাকায় যাব।’
জানা গেছে, অগ্রণী দুয়ার ব্যাংকিং নামে এজেন্ট ব্যাংকিং সেবা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে ব্যাংকটি। এ জন্য দুয়ার সার্ভিসেস লিমিটেডের সঙ্গে ব্যাংকটি চুক্তি করেছে।
ব্যাংকটি সাব এজেন্টের মাধ্যমে সেবা প্রদান করবে। দুয়ার সার্ভিসেস লিমিটেড নির্ধারিত এলাকায় সাব এজেন্ট নিয়োগ করবে এবং গ্রাহক সেবা কেন্দ্র স্থাপন করবে। প্রতিটি সাব এজেন্টকে অগ্রণী ব্যাংকের নিকটস্থ শাখায় চলতি হিসাব খুলবে, এটা লিংকেজ শাখা হিসেবে গণ্য হবে। প্রতিটি সাব এজেন্ট লিংকেজ শাখায় ১ লাখ ৫ হাজার টাকায় টাকার একটি স্থায়ী আমানত হিসাব খুলবে। এরপরই সেবা প্রদান করতে পারবে সাব এজেন্ট।
অগ্রণী ব্যাংক সূত্র জানায়, সাব এজেন্ট থেকে হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, ক্লিয়ারিং চেক গ্রহণ, ঋণের আবেদন গ্রহণ, বিতরণ ও কিস্তি সংগ্রহ, রেমিট্যান্স বিতরণ, বিদ্যুৎ বিল জমা, ভাতা বিতরণ এবং যেকোনো ব্যাংকের হিসাবে টাকা পাঠানো যাবে। এ ছাড়া প্রতিটি বুথের সঙ্গে রিয়েল টাইম সফটওয়্যার যুক্ত থাকায় ব্যাংকের যেকোনো সেবা পাওয়া যাবে।