অগ্রসর উন্নয়নশীল দেশগুলোতে এলডিসির বাজারসুবিধা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ড প্রক্রিয়ার বাইরে উন্নত ও অগ্রসর অর্থনীতির দেশগুলোর কাছ থেকে যত দ্রুত সম্ভব শুল্কমুক্ত বাজারসুবিধার দাবি করেছেন স্বল্পোন্নত দেশের প্রতিনিধিরা।গতকাল বুধবার ঢাকায় চলমান ‘স্বল্পোন্নত বিশ্বের উন্নয়নে নতুন বৈশ্বিক অংশীদারিত্ব সন্ধান: প্রেক্ষাপট ইউএন এলডিসি-৪’ শীর্ষক আন্তর্জাতিক সংলাপের প্রথম কর্ম-অধিবেশনে এসব দেশের প্রতিনিধিরা এই দাবি জানান। বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও প্যারিসভিত্তিক ওসিইডি ডেভেলপমেন্ট সেন্টার যৌথভাবে এই সংলাপের আয়োজন করছে।প্রতিনিধিরা তাঁদের বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরে বলেন, দোহা রাউন্ড শেষ হতে আরও সময় লাগবে। কিন্তু উন্নত দেশগুলো পর্যায়ক্রমে শুল্ক হ্রাস করায় স্বল্পোন্নত দেশগুলো প্রতিযোগিতা-সক্ষমতা হারাচ্ছে। তাই ভারত, চীন, ব্রাজিলের মতো অগ্রসর উন্নয়নশীল দেশগুলোর কাছ থেকে এই সুবিধা আদায় করতে হবে। এ জন্য আসন্ন এলডিসি সম্মেলনে উন্নত দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায়ে একযোগে কাজ করতে হবে। গতকাল থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপের ‘বাণিজ্য সম্প্রসারণ: পণ্য ও বাজার বহুমুখীকরণ’ শীর্ষক প্রথম কর্ম-অধিবেশনে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আসন্ন এলডিসি সম্মেলনে স্বল্পোন্নত দেশের জন্য যত দ্রুত সম্ভব শুল্কমুক্ত বাজারসুবিধার দাবি করতে হবে। এ জন্য উন্নত দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করতে হবে। এর পাশাপাশি অগ্রসরমান অর্থনীতির দেশগুলোর কাছ থেকেও এই সুবিধা নিতে হবে।দেবপ্রিয় আরও বলেন, বাণিজ্য-সহায়তার আওতায় স্বল্পোন্নত দেশগুলো নিজেদের অবকাঠামো উন্নয়নের সুযোগ নিতে হবে। অ্যান্টিডাম্পিং ও কাউন্টারভেলিং শুল্ক স্বল্পোন্নত দেশের বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে উল্লেখ করে তিনি এসব দেশকে এসব শুল্ক আরোপের বাইরে রাখার দাবি তোলার পরামর্শ দেন।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, উন্নত বিশ্বের বাজারে স্বল্পোন্নত দেশের অগ্রাধিকার সুবিধাগুলো ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আর রুলস অব অরিজিনের বর্তমান শর্তগুলো পালনে আফ্রিকার দেশগুলো কিছুটা বেকায়দায় আছে। তবে বাংলাদেশের পোশাক খাত কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে।জেনেভায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত তৌফিক আলী বলেন, আগামী ১০ বছরের বিশ্ব বাণিজ্য পরিস্থিতিকে বিবেচনায় এনে আসন্ন এলডিসি সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোকে দরকষাকষি করতে হবে। সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী বলেন, স্বল্পোন্নত দেশগুলোর জন্য নিশ্চিত বাজারসুবিধার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরই) জ্যেষ্ঠ গবেষক ডেভিড লেভর্ড বলেন, এখন উন্নত দেশগুলোতে শতভাগ শুল্কমুক্ত বাজারসুবিধাই স্বল্পোন্নত দেশগুলোর জন্য সঠিক সমাধান। আর অগ্রসরমান অর্থনীতির দেশগুলো আরও শুল্ক হ্রাস করে বাজারসুবিধা দিতে পারে।তিনি অগ্রাধিকারমূলক সুবিধাকে স্বল্পমেয়াদি উল্লেখ করে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে রপ্তানিপণ্যের বহুমুখীকরণের ওপর জোর দেন। সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) প্রধান অর্থনীতিবিদ উইলিয়াম ভ্যান ডর গিস্ট বলেন, মানসম্পন্ন পণ্য রপ্তানি করে স্বল্পোন্নত দেশগুলো নিজেদের দারিদ্র্য বিমোচন করতে পারে। এমনকি নিজেদের মধ্যেও বাণিজ্য সম্প্রসারণ করতে পারে।ইথিওপিয়ার প্রতিনিধি সেইড নুরু আলী জানান, ইথিওপিয়ার মতো আফ্রিকার অধিকাংশ স্বল্পোন্নত দেশ একটি পণ্য রপ্তানির ওপর নির্ভরশীল। তাই আফ্রিকার দেশগুলো পিছিয়ে পড়ছে। আবার সংশ্লিষ্ট দেশের সরকারের নীতির কারণে রপ্তানি খাতে বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হচ্ছে না। আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলোকে শ্রমঘন উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরিবেশ সৃষ্টির ওপর জোর দেন তিনি।এই কর্ম-অধিবেশনে আরও বক্তব্য দেন জাম্বিয়ার প্রতিনিধি লুভ টেসা, সেনেগালের প্রতিনিধি চেক টিডিয়ান দাইয়ে, ইস্তাম্বুলের গ্যালাটেসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহমেত আর্দা প্রমুখ।