অগ্রাধিকার খাতের বাস্তবায়নে গতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর ধরেই অগ্রাধিকার খাতের তালিকা করছে সরকার। সে অনুযায়ী অর্থও বরাদ্দ করা হচ্ছে বাজেটে। কিন্তু এগুলোর বাস্তবায়নের হার প্রায় শূন্য। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব খাতের বাস্তবায়ন নিয়ে প্রতিবছর প্রায় একই কথা বলে যাচ্ছেন। চতুর্থ বাজেট বক্তব্যেও তিনি ঘুরিয়ে-ফিরিয়ে সেগুলোই বলবেন বলে জানা গেছে।বর্তমান সরকারের প্রথম অর্থবছরে (২০০৯-১০) অগ্রাধিকার হিসেবে যেসব খাতকে চিহ্নিত করা হয়েছিল, বাস্তবায়িত না হওয়ায় দ্বিতীয় অর্থবছর (২০১০-১১) এবং তৃতীয় অর্থবছরেও (২০১১-১২) একই তালিকায় রাখা হয় সেগুলোকে।অগ্রাধিকার তালিকার এই খাতগুলোর মধ্যে রয়েছে: কয়লানীতি ও জ্বালানিনীতি চূড়ান্ত করা, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কাঠামো শক্তিশালী করা, রেলপথের সংস্কার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করা, বুড়িগঙ্গা নদীদূষণমুক্ত করা, ভূমি জরিপ ও ব্যবস্থাপনাকে ডিজিটাল ব্যবস্থায় আনাসহ মোট ৩০টি বিষয়। অর্থ বিভাগ সূত্র জানায়, ব্যর্থতা মাথায় নিয়ে আগামীবারের জন্যও এই খাতগুলোকে আবারও অগ্রাধিকারের তালিকায় রাখা হচ্ছে। অর্থ বিভাগের পক্ষ থেকে সম্প্রতি রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট, মন্ত্রণালয়, বিভাগ, কমিশনসহ ৫৯টি সংস্থার বাজেট বাস্তবায়নের অগ্রগতির চিত্র তুলে ধরা হয় অর্থমন্ত্রীর কাছে। অগ্রাধিকারপ্রাপ্ত কিন্তু বাস্তবায়িত হয়নি এমন তালিকায় খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়েরই রয়েছে দুটি বিষয়—সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) কাঠামো আরও স্বচ্ছ ও শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক এলাকা গড়ে তোলা। অর্থ বিভাগ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে একীভূত ও জেলা বাজেট প্রণয়ন করতে। অথচ তিন বছর ধরেই অর্থমন্ত্রী জেলা বাজেটের কথা বলে আসছেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পারেনি ব্যাংক কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান আইনের সংস্কার করতে। এ বছর নতুন মূল্য সংযোজন কর (মূসক) বিল এবং নতুন আয়কর বিল জাতীয় সংসদে উপস্থাপন করার কথা ছিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। এ ছাড়া কর প্রশাসনকে আধুনিকায়ন এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনারও কথা ছিল এবার। এসবের কিছুই পারেনি এনবিআর। একই তিমিরে বিদ্যুৎ ও জ্বালানি: গত বছর সংসদে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে পথনকশা: একটি হালচিত্র’ শীর্ষক আলাদা প্রতিবেদন উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী। এতে তাৎক্ষণিক, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণ পরিকল্পনা গ্রহণের কথা এসেছিল। অর্থমন্ত্রী বলেছিলেন, ‘সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ক্রমান্বয়ে চাহিদা ও সরবরাহের মধ্যে বিরাজমান ব্যবধান কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ সরকারের এ চেষ্টা চলছে, কিন্তু মানুষের দুর্ভোগ না কমে বরং বাড়ছে।এ বছর স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য জ্বালানি খাতের মহাপরিকল্পনা চূড়ান্ত করার কথা ছিল বিদ্যুৎ বিভাগের। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের করার কথা ছিল জ্বালানি সরবরাহ টেকসই করার লক্ষ্যে সমন্বিত জ্বালানি নীতি প্রণয়ন। জাতীয় জ্বালানি ও কয়লানীতি চূড়ান্ত করারও কথা ছিল এই বিভাগের। কিন্তু তারা এসব করতে ব্যর্থ হয়েছে।নৈরাশ্যের পাকে ভূমি ব্যবস্থাপনা: তিন বছর ধরেই ভূমি নিবন্ধন (দলিল) ব্যবস্থার আধুনিকায়ন ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর কথা বলে আসছেন অর্থমন্ত্রী। চলমান বাজেট বক্তব্যে তিনি বলেছিলেন, ‘গত দুটি বাজেট ঘোষণায় আমি ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদ্যমান অচলায়তন ভেঙে তা আধুনিকায়নের লক্ষ্যে এ দেশে একটি ডিজিটাইজড ভূমিব্যবস্থা প্রবর্তন করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম।’জানা গেছে, একটি কারিগরি সমীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল যৌথভাবে আইন ও বিচার বিভাগ এবং এনবিআরকে। কিন্তু কাজটি তারা পরিপূর্ণভাবে শেষ করতে পারেনি।আর ভূমি মন্ত্রণালয়কে তিন বছর ধরেই বলা হচ্ছে সারা দেশে ভূমি ব্যবহারের নীতিমালা প্রণয়ন করতে এবং ভূমি জরিপ, রেকর্ডপত্র প্রণয়ন ও সংরক্ষণব্যবস্থা চালু করতে। পরীক্ষামূলক ভিত্তিতে কয়েকটি উপজেলায় ডিজিটালকরণের কাজ শুরু করা ছাড়া এসবের কোনো কিছু শুরুই করতে পারেনি এই মন্ত্রণালয়। শেষ পর্যন্ত গত ২৮ মে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ভূমি রেকর্ড, জরিপ ও নিবন্ধন ডিজিটালকরণের ব্যাপারে যতটা বলেছি, ততটা পারিনি।’ সুদূরপরাহত রেলপথের সংস্কার: তিন বছর ধরেই রেলওয়েকে করপোরেট প্রতিষ্ঠানে রূপান্তরের কথা বলে আসছেন অর্থমন্ত্রী। যানজট কমাতে ঢাকার চারপাশে বৃত্তাকার রেল স্থাপনের কথাও তিনি বলে আসছেন। এ ছাড়া টঙ্গী-ভৈরববাজার সেকশনে ডাবল লাইন নির্মাণ এবং তারাকান্দি থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেলসংযোগ বর্তমান অর্থবছরেই সমাপ্ত হওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এসব উদ্যোগ বাস্তব চেহারা দেখেনি। সংস্কারের কথা বলেই দেশের ইতিহাসে প্রথম রেলমন্ত্রী নিয়োগ দেওয়া হয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে। কিন্তু এপিএসের এক ঘটনায় তিনি নিজেই এখন দপ্তরবিহীন। সূত্র জানায়, আগামী অর্থবছরের বাজেটেও রেলপথের সংস্কার বিষয়ে অর্থমন্ত্রীকে ঘুরিয়ে-ফিরিয়ে একই কথা বলতে শোনা যাবে। আরও কিছু ব্যর্থতা: পদ্মা সেতু, মেট্রোরেল বাদ দিলে অনেক ছোট প্রকল্পও বাস্তবায়ন করতে পারেনি সরকার। ই-গভর্ন্যান্সের আওতায় সব সরকারি দপ্তরকে সমন্বিত তথ্যপ্রযুক্তির আওতায় আনার কথা বলেও তা পূরণ করা যায়নি। এ ছাড়া বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে পারেনি পরিবেশ ও বন মন্ত্রণালয়। জনসংখ্যানীতি যুগোপযোগী এবং প্রজনন নিয়ন্ত্রণসামগ্রীর ব্যবহার উন্নত করতে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মংলা বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নের নাম নেই। ভিক্ষাবৃত্তির অবসানে কিছুই করতে পারেনি সমাজকল্যাণ মন্ত্রণালয়। গৃহনির্মাণ কোম্পানির বিভিন্ন ছাড়পত্র গ্রহণের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে ব্যর্থ হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এ ছাড়া গড়াই নদ পুনঃখনন করতে পারেনি পানিসম্পদ মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টকে স্বয়ংক্রিয়ব্যবস্থার আওতায় আনতে ব্যর্থ হয়েছে আইন ও বিচার বিভাগ। পরিকল্পনা বিভাগ পারেনি প্রকল্প প্রণয়ন, অনুমোদন এবং বাস্তবায়ন-প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা তৈরি করে দিতে।