অগ্রাধিকার ভিত্তিতে পোশাক কারখানায় গ্যাসের অনুরোধ
আশুলিয়া, চন্দ্রা, কোনাবাড়ী, গাজীপুর ও কালিয়াকৈর এলাকার তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোয় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-সংযোগ দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অনুরোধ করেছে প্রতিষ্ঠানগুলোর সমিতি বিজিএমইএ।বিজিএমইএর একটি প্রতিনিধিদল সম্প্রতি তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আজিজ খানের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায়।এ সময় বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম বলেন, কারখানা উৎপাদনক্ষম হওয়ার পরও গ্যাস-সংকটের কারণে অনেক উদ্যোক্তাই পণ্যের কার্যাদেশ নিতে পারছেন না। অনেকে আবার উচ্চ সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে যন্ত্রপাতি আমদানি করে কারখানা স্থাপন করে বসে আছেন। কিন্তু গ্যাস-সংযোগ না থাকায় উৎপাদন শুরু করতে পারছেন না।সফিউল ইসলাম গ্যাস সমস্যার সমাধানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, যেভাবেই হোক, গ্যাসের উৎপাদন বাড়াতে হবে। না হলে শিল্পগুলো ব্যবসা হারাতে পারে।ব্যবসায়ীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আজিজ খান বলেন, অ্যালেঙ্গা-কালিয়াকৈর-কোনাবাড়ী-গাজীপুর-জয়দেবপুর-মনোহরদী এলাকায় নতুন গ্যাস সংযোগ-লাইন বসানোর কাজ চলছে। এই মাসেই কাজ শেষ হবে। এটি হলে গ্যাস সমস্যার কিছুটা সমাধান হবে।তবে আলোচনায় দীর্ঘমেয়াদে গ্যাসের সংকট থেকে রেহাই পাওয়ার জন্য সংযোগ-লাইনের বিভিন্ন পয়েন্টে বুস্টার কমপ্রেসর স্থাপন কিংবা অধিক ব্যাসবিশিষ্ট নতুন লাইন স্থাপন এবং অতিরিক্ত গ্যাস উত্তোলনের বিষয়ে কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি।বৈঠকে বিজিএমইএর দ্বিতীয় সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, পরিচালক ফয়েজুন্নবী চৌধুরী. মিতালি ফ্যাশনের এমডি সৈয়দ আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।