অগ্রাধিকার শেয়ার ছাড়ার অনুমতি পেল দুটি কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি প্রেফারেন্স বা অগ্রাধিকার শেয়ার ছাড়ার অনুমতি পেয়েছে। কোম্পানি দুটি হলো—সামিট পাওয়ার ও বিডিকম অনলাইন।বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সভায় গতকাল মঙ্গলবার কোম্পানি দুটিকে অগ্রাধিকার শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।আনোয়ারুল কবীর ভূঁইয়া বলেন, অনুমোদন পাওয়া কোম্পানি দুটি মোট পাঁচ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকার অগ্রাধিকার শেয়ার ছাড়বে। এর মধ্যে সামিট পাওয়ার তিন কোটি টাকার এবং বিডিকম অনলাইন দুই কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকার অগ্রাধিকার শেয়ার ছাড়বে।সামিট পাওয়ারের অগ্রাধিকার শেয়ারের ২০ শতাংশ এবং বিডিকমের পুরোটাই এক বছর পর সাধারণ শেয়ারে রূপান্তর হবে বলে আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের জানান। এসইসি জানায়, সামিট পাওয়ার এক কোটি ৬১ লাখ ৪০০ শেয়ার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিতরণ করবে। আর এক কোটি ৩৮ লাখ ৯৯ হাজার ৬০০ শেয়ার কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। সে ক্ষেত্রে বিদ্যমান প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এসব প্রেফারেন্স শেয়ারে এক বছরের জন্য বিক্রি বা হস্তান্তর নিষিদ্ধ (লকইন) থাকবে। ২০১১ সালের মধ্যে নির্ধারিত পরিমাণ শেয়ার সাধারণ শেয়ারের রূপান্তরিত হবে। এভাবে সংগৃহীত টাকা ব্যবহার করা হবে সামিট পাওয়ারের ব্যবসা সম্প্রসারণের কাজে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০০ টাকা। অপরদিকে বিডিকম অনলাইনের শতভাগ রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ারের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা। কোম্পানিটি অর্ধেক শেয়ার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ দেবে, বাকি অর্ধেক বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করবে। এ ক্ষেত্রে বিদ্যমান শেয়ারহোল্ডাররা একটির বিপরীতে একটি (১: ১) প্রেফারেন্স শেয়ার পাবেন। বিডিকমের সব অগ্রাধিকার শেয়ার আগামী ২০১১ সালের ১০ জানুয়ারির পর সাধারণ শেয়ারে রূপান্তরিত হবে। সংবাদ সম্মেলনে আনোয়ারুল কবীর আরও বলেন, বর্তমানে অগ্রাধিকার শেয়ার ছাড়ার ব্যাপারে আলাদা কোনো নীতিমালা নেই। তাই প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও নীতিমালার ভিত্তিতেই কোম্পানিগুলোকে অগ্রাধিকার শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ ধরনের শেয়ার ছাড়ার মাধ্যমে কোম্পানি যে টাকা সংগ্রহ করবে, তার পুরোটাই ব্যবসা সম্প্রসারণের কাজে লাগানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে এসইসিকে নিশ্চয়তা দেওয়া হয়েছে।এদিকে এসইসির গতকালের বৈঠকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্রোকারেজ বিভাগকে সাবসিডিয়ারি কোম্পানি বা আলাদা অঙ্গপ্রতিষ্ঠান করার সময়সীমা তিন মাস বাড়ানো হয়েছে। আগের সময়সীমা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের ব্রোকারেজ বিভাগকে ৩০ জুনের মধ্যে সাবসিডিয়ারি বা আলাদা কোম্পানিতে রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে অধিকাংশ কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি খুলতে পারেনি। তাই সময় আরও কিছুটা বাড়ানো হয়েছে।