অগ্রাধিকার শেয়ার ছেড়ে ২৮৭ কোটি টাকা তুলবে, এসইসির অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল স্টিল মিলস ও আফতাব অটোমোবাইলস লিমিটেড শতভাগ রূপান্তরযোগ্য অগ্রাধিকার বা প্রেফারেন্স শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে। কোম্পানি দুটি পৃথকভাবে বাজার থেকে প্রায় ২৮৭ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় গতকাল সোমবার কোম্পানি দুটির এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। এ বৈঠকে তালিকাভুক্ত আরেক প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।বর্তমানে পিপলস ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা, যা ১০০ টাকা অভিহিত মূল্যের ২০ লাখ শেয়ারে বিভক্ত। এর শতভাগ অর্থাত্ ১:১ অনুপাতে রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব করেছে কোম্পানিটি। সেই হিসাবে রাইট শেয়ার ছাড়ার মাধ্যমে অতিরিক্ত আরও ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করার কথা। তবে প্রতিটি শেয়ারের বিপরীতে ১০০ টাকা প্রিমিয়াম (কোম্পানির সুনাম, প্রকৃত সম্পদমূল্য, নগদ প্রবাহ ইত্যাদি বিবেচনায় অভিহিত মূল্যের অতিরিক্ত যে অর্থ নেওয়া হয়) থাকায় কোম্পানিটি বাজার থেকে সংগ্রহ করবে ৪০ কোটি টাকা। জানা গেছে, প্রস্তাব অনুযায়ী এস আলম অগ্রাধিকার শেয়ার ছেড়ে ১০৬ কোটি ৬৮ লাখ ও আফতাব অটোমোবাইলস ১৮০ কোটি টাকা সংগ্রহ করবে। দুই কোম্পানিকেই চলতি মাসের মধ্যে সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার ইস্যু করতে হবে। উভয় কোম্পানির ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারের অভিহিত মূল্য চাওয়া হয়েছে ১০০ টাকা। তবে রূপান্তরিত শেয়ারের মূল্য নির্ধারিত হবে ইস্যু সময়ের আগের তিন মাসের বাজারমূল্যের ভারিত্ব গড়ের চেয়ে কিছুটা কমে। এ ক্ষেত্রে এস আলম ৩০ শতাংশ ও আফতাব অটোমোবাইলসের শেয়ার ৩৫ শতাংশ কমে পাওয়া যাবে। ধরে নেওয়া যাক, রূপান্তরিত শেয়ার ইস্যুর আগের তিন মাসে এস আলমের শেয়ারের বাজারমূল্যের ভারিত্ব গড় এক হাজার টাকা। তাহলে শেয়ারটি সংশ্লিষ্ট বিনিয়োগকারী ৭০০ টাকায় পাবেন। অর্থাত্ কোনো বিনিয়োগকারী এস আলমের ৭০ হাজার টাকার অগ্রাধিকার শেয়ার কিনলে রূপান্তরের সময় তিনি এক হাজারটি সাধারণ শেয়ার পাবেন। জানা গেছে, এস আলমের অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তর হবে দুই দফায়। প্রথম দফায় ২ মে এবং দ্বিতীয় দফায় ১ আগস্টের মধ্যে। এ সময়ে অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা ষাণ্মাসিক হিসেবে ৬ শতাংশ হারে লভ্যাংশ পাবেন। আফতাব অটোমোবাইলসের শেয়ার ৩০ মের মধ্যে রূপান্তর হবে। এ ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা লভ্যাংশ পাবেন চার মাস অন্তর ৫ শতাংশ হারে।