অগ্রিম আয়কর ও মূসক হার বৃদ্ধি মূল্যস্ফীতি বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) প্রস্তাবিত ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটকে অর্থনৈতিক প্রবৃদ্ধিমুখী বাজেট বলেছে। বাজেটে কৃষি, বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে অগ্রাধিকার দেওয়ায় দেশের সার্বিক অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করে সংগঠনটি। তবে এখন থেকে প্রতি তিন মাস অন্তর বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনার প্রস্তাব করেছে এফবিসিসিআই।গতকাল রোববার প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর প্রতিক্রিয়া জানানোর জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক এসব কথা বলেন। বাজেট উচ্চাভিলাষী বলা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।তবে এফবিসিসিআই বলেছে, প্রস্তাবিত বাজেটে পণ্য আমদানিতে অগ্রিম আয়কর তিন শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। ক্ষুদ্র দোকানদারদের ও খুচরা ব্যবসায়ী পর্যায়ে অগ্রিম ব্যবসায় মূসক (এটি ভ্যাট) ২ দশমিক ২৫ শতাংশ থেকে তিন শতাংশ করা হয়েছে। ফলে এসব পণ্যের মূল্যের ক্ষেত্রে বাড়তি প্রভাব ফেলতে পারে, যা কার্যত মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে। বিষয়টি বিবেচনা করে এআইটি ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে এফবিসিসিআই।রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান ও বিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ উপস্থিত ছিলেন।আনিসুল হক বলেন, জাতীয় স্বার্থে একটি প্রবৃদ্ধি, শিল্প ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নের আন্তরিক প্রচেষ্টা করা হয়েছে। এ ছাড়া স্থানীয় শিল্পের সংরক্ষণ ও রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ার চেষ্টা ও রাজস্ব আদায়ে করের আওতা বাড়ানোর উদ্যোগও দেশের অর্থনীতির জন্য ইতিবাচক।আনিসুল হক আরও বলেন, এফবিসিসিআই প্রস্তাবিত বাজেটকে দুই ভাগে দেখার চেষ্টা করেছে। প্রথমত, সামষ্টিক অর্থনীতি সম্পর্কিত বিষয়গুলো যেখানে সামাজিক উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, শিল্পোন্নয়ন কৌশল, রপ্তানি উন্নয়ন ও বৃদ্ধি বিষয়ে এবং ব্যষ্টিক অর্থনৈতিক বিষয়ে এফবিসিসিআইয়ের বেশকিছু মতামত, যা আগের দেওয়া প্রস্তাবের সঙ্গে সংগতিপূর্ণ নয়।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, পল্লী উন্নয়ন, স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা, শ্রমবাজার সম্প্রসারণ করা, পুঁজিবাজার শক্তিশালীকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষাব্যবস্থা কর্মমুখী করাসহ আরও বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ায় সরকারকে সাধুবাদ জানায়। বাজেটের ইতিবাচক দিক সম্পর্কে আনিসুল হক বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা-সংবলিত আগামী পাঁচ বছরের পথনকশা উপস্থাপন করার হয়েছে, যা বাস্তবায়িত হলে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট কমে আসবে বলে ব্যবসায়ী মহল মনে করে। তবে এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) খাতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, বিনিয়োগকারীদের উৎসাহিত করতে ‘বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিল’ গঠনে এক হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করাকেও স্বাগত জানান তিনি। এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, তবে প্রস্তাবিত বাজেটে অগ্রিম আয়কর তিন শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। অতিরিক্ত এ করভার সব আমদানি করা পণ্যমূল্যের ওপর প্রভাব ফেলবে, যা সাধারণ ভোক্তা শ্রেণীর বোঝা হয়ে দাঁড়াবে। অগ্রিম আয়কর হার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করেন তিনি। ওভেন ও নিট পোশাকের রপ্তানিতে উৎসে কর ০.২৫ শতাংশ থেকে এক শতাংশ করা হয়েছে। এ প্রস্তাব রপ্তানিমুখী খাতকে প্রণোদনার পরিবর্তে ব্যাপকভাবে নিরুৎসাহিত করবে বলেও তিনি মন্তব্য করেন।আনিসুল হক আরও বলেন, খুচরা ও ক্ষুদ্র দোকানদারদের বার্ষিক মূসক বাড়ানোয় সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে। মূসক আদায়েও হয়রানি বাড়বে। করভার বাড়ার কারণে পণ্যমূল্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। প্রস্তাবিত বাজেটে অগ্রিম ব্যবসায় ভ্যাট (এটি ভ্যাট) ২ দশমিক ২৫ শতাংশ থেকে তিন শতাংশ করা হয়েছে। এতে সব ধরনের পণ্যের মূল্যের ক্ষেত্রে বাড়তি প্রভাব ফেলতে পারে। এ কে আজাদ বলেন, প্রস্তাবিত বাজেটে অনুযায়ী সরকার ব্যাংক ঋণ নিলে বেসরকারি শিল্প খাতে ঋণ সংকুচিত হতে পারে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেক রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান প্রচুর লোকসান দিয়ে চলেছে। হয় এসব রাষ্ট্রায়ত্ত লোকসানি প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত, নয় এগুলোকে বন্ধ করে দেওয়া উচিত।