অগ্রিম আয়কর কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএলএফইএ)। চামড়া খাতের উদ্যোক্তাদের সংগঠন বিএলএফইর নেতারা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান প্রাক-বাজেট আলোচনায় গতকাল মঙ্গলবার এই দাবি জানান। এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এনবিআরের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএলএফইএর জ্যেষ্ঠ সহসভাপতি নাসির খান বলেন, বর্তমানে চামড়াশিল্পের উদ্যোক্তাদের অগ্রিম আয়কর হিসেবে দশমিক ৫ শতাংশ দিতে হয়। কিন্তু তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তাদের দিতে হয় দশমিক ৪ শতাংশ। একই আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ কেমিক্যাল আমদানিকারক সমিতির সভাপতি মিজানুর রহমান মেজবাহ অভিযোগ করেন, বন্ড সুবিধাপ্রাপ্ত ট্যানারি ব্যবসায়ীরা প্রয়োজনের অতিরিক্ত কেমিক্যাল আমদানি করে তা খোলাবাজারে বিক্রি করছেন। ফলে কেমিক্যাল আমদানিকারকেরা বিপদে পড়ছেন। কেমিক্যাল আমদানির ক্ষেত্রে শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ অথবা ১৫ শতাংশ করার দাবি জানান তিনি। এদিকে এনবিআরের সঙ্গে পৃথক এক আলোচনায় বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবত বলেন, আন্তর্জাতিক দরপত্রের কারণে এই শিল্প এখন হুমকির মুখে পড়েছে।শহীদ সেরনিয়াবত আরও জানান, আন্তর্জাতিক দরপত্রের ক্ষেত্রে করহারে বৈষম্য থাকার কারণে দেশি ব্যবসায়ীদের বেশি কর দিতে হয়। তিনি পাঠ্যপুস্তক প্রকাশের জন্য শুল্কমুক্ত কাগজ আমদানির সুযোগ অথবা আমদানি করা বইয়ের ক্ষেত্রে উচ্চ কর আরোপের সুপারিশ করেন।