টেলিগ্রাফিক ট্রান্সফার বা টিটির মাধ্যমে অগ্রিম রপ্তানি আয়ের বিপরীতে বস্ত্র খাতে শর্ত সাপেক্ষে নগদ সহায়তা দিতে পারবে ব্যাংক। এ ক্ষেত্রে ক্রেতাপ্রতিষ্ঠান ও পণ্যমূল্য সম্পর্কে ব্যাংককে নিশ্চিত হতে হবে।
আজ বৃহস্পতিবার থেকে জাহাজীকরণ করা পণ্য রপ্তানির বিপরীতে এ সুবিধা কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুসারে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতের ওভেন, নিট ও টেরি-টাওয়েল সব ধরনের পণ্যে এই সুবিধা পাবে। প্রচলিত রপ্তানির ডকুমেন্ট বা প্রমাণাদির পাশাপাশি টিটির মাধ্যমে অগ্রিম প্রত্যাবাসিত রপ্তানি আয়ের বিপরীতে নগদ সহায়তা দেওয়া যাবে।
তবে টিটির মাধ্যমে অগ্রিম রপ্তানি মূল্য পরিশোধের শর্তযুক্ত ঋণপত্র বা চুক্তিপত্রের বিপরীতে রপ্তানির ক্ষেত্রে বিদেশি ক্রেতার যথার্থতা, বিশ্বাসযোগ্যতা, মূল্য নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে প্রকৃত রপ্তানির বিপরীতে মূল্য ফেরত আসার বিষয়টি কাগজপত্রের ভিত্তিতে নিশ্চিত হতে হবে।
একই সঙ্গে বিষয়টি রপ্তানিকারক সংশ্লিষ্ট সংগঠন থেকে প্রত্যায়িত হতে হবে। এ ছাড়া ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এ ধরনের অর্থ আসার বিষয়টি নিশ্চিত করতে হবে।