অচিরেই প্লাস্টিক শিল্পনগর স্থাপনের কাজ শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে একটি পরিবেশবান্ধব প্লাস্টিক শিল্পনগর স্থাপনের কাজ শুরু করবে শিল্প মন্ত্রণালয়। বিশ্ববাজারে প্লাস্টিক-পণ্যের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে এই শিল্পনগর গড়ে তোলা হবে। এর ফলে প্লাস্টিক-পণ্য রপ্তানি করে বাংলাদেশ বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে।শিল্পমন্ত্রী গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) নেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকে এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে এফবিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি মো. জসিম উদ্দিন, বিপিজিএমইএর সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, ঊর্ধ্বতন সহসভাপতি শামীম আহমেদ, সহসভাপতি কে এম ইকবাল হোসেনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।শিল্পমন্ত্রী বলেন, মহাজোট সরকার পর্যায়ক্রমে পরিবেশবান্ধব প্লাস্টিক, হালকা প্রকৌশল ও ইলেকট্রনিক শিল্পপার্ক গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে। এসব শিল্পপার্ক স্থাপন সম্পন্ন হলে দেশের শিল্প খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।মো. জসিম উদ্দিন বলেন, প্লাস্টিক শিল্পনগর গড়ে তোলা সম্ভব হলে এই খাতের বিকাশ আরও ত্বরান্বিত হবে। ওভেন স্যাক ব্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সম্প্রতি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ জারি করার পর দেশে বর্তমানে স্থাপিত ৫০টির বেশি প্লাস্টিক ওভেন ব্যাগ শিল্পকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তিনি বলেন, আইনটি বাস্তবায়ন সুচিন্তিত ও বাস্তবভিত্তিক হতে হবে, যাতে পাটশিল্পের উপকার হয় এবং প্লাস্টিকশিল্পের ক্ষতি না হয়।