অটো রি-রোলিং মিলস সমিতির নতুন চেয়ারম্যান মনোয়ার হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোয়ার হোসেন
মনোয়ার হোসেন

বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস সমিতির নতুন চেয়ারম্যান হিসেবে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। মহাসচিব নির্বাচিত হয়েছেন মেট্রোসেম ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদউল্লাহ্।
আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সমিতির পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ। সমিতির বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন বিদায়ী মহাসচিব আবুল কাসেম মজুমদার।
সভায় সমিতির নির্বাচন বোর্ড-২০১৭-এর চেয়ারম্যান মোহাম্মদ আলী ২০১৭-১৯ মেয়াদের জন্য মনোয়ার হোসেনের নেতৃত্বে ১৭ সদস্যের পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন। নতুন কমিটির প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সমিতির নতুন কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান জহিরুল হক চৌধুরী, আনামুল হক ইকবাল ও সিরাজুল ইসলাম মৃধা, যুগ্ম মহাসচিব শাহরিয়ার জাহান ও মো. সাইফুর রহমান খোকন, পরিচালক (অর্থ) মো. আবুল কালাম, পরিচালক (সাংগঠনিক) সুমন চৌধুরী, পরিচালক (প্রচার) আবু সাঈদ চৌধুরী, পরিচালক (আন্তর্জাতিক-বিষয়ক) মোহাম্মদ মামুন উদ্দিন, পরিচালক আমের আলী হুসেইন, মোহাম্মদ ইসরাঈল, মারজানুর রহমান, আশরাফ সিদ্দিকী ও মো. সিরাজুল ইসলাম।
নতুন চেয়ারম্যান মনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বিদায়ী কমিটির সহযোগিতা কামনা করেন। তিনি সমিতির সদস্যদের মধ্যকার যোগাযোগ শক্তিশালী করার পাশাপাশি ছোট কারখানাগুলো যাতে টিকে থাকতে পারে, সে জন্য কাজ করবেন বলে জানান। এ ছাড়া পরিবেশবান্ধব ইস্পাত কারখানা স্থাপনে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দেনদরবার করবেন বলেও জানান তিনি।

২০০৯ সালে ২৮টি সদস্য প্রতিষ্ঠান নিয়ে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস সমিতির যাত্রা শুরু হয়। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ৪২।