অটো রি-রোলিং মিলস সমিতির নতুন চেয়ারম্যান মানোয়ার হোসেন

বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস সমিতির নতুন চেয়ারম্যান হিসেবে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মানোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। মহাসচিব নির্বাচিত হয়েছেন মেট্রোসেম ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদউল্লাহ্।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল শনিবার সমিতির ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ।
সভায় সমিতির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী ২০১৭-১৯ মেয়াদের জন্য মানোয়ার হোসেনের নেতৃত্বে ১৭ সদস্যের পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন। নতুন কমিটির প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সমিতির নতুন কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান জহিরুল হক চৌধুরী, আনামুল হক ইকবাল ও সিরাজুল ইসলাম মৃধা, যুগ্ম মহাসচিব শাহরিয়ার জাহান ও মো. সাইফুর রহমান খোকন, পরিচালক (অর্থ) মো. আবুল কালাম, পরিচালক (সাংগঠনিক) সুমন চৌধুরী, পরিচালক (প্রচার) আবু সাঈদ চৌধুরী, পরিচালক (আন্তর্জাতিক-বিষয়ক) মোহাম্মদ মামুনউদ্দিন, পরিচালক আমীর আলীহোসাইন, মোহাম্মদ ইসরাঈল, মারজানুর রহমান, আশরাফ সিদ্দিকী ও মো. সিরাজুল ইসলাম।