অটোমেটেড ক্লিয়ারিং হাউসের লেনদেনে মাশুল আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা কেন্দ্রীয় ব্যাংকের স্বয়ংক্রিয় নিকাশঘরের মাধ্যমে লেনদেনে গ্রাহককে মাশুল (চার্জ) দিতে হবে। লেনদেনের ধরন অনুযায়ী, ভ্যাট বাদে এই মাশুলের পরিমাণ সর্বোচ্চ ৫০ টাকা ও সর্বনিম্ন পাঁচ টাকা। ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী এক বছরের জন্য এ হার চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে সব তফসিলি ব্যাংকের কাছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, অটোমেটেড ক্লিয়ারিং হাউস সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ে গ্রাহকের কাছ থেকে ভ্যাট ছাড়া ৫০ টাকা মাশুল আরোপ করা হয়েছে। যার মধ্যে ২৫ টাকা বাংলাদেশ ব্যাংক পাবে। রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ে ভ্যাট ছাড়া সাত টাকা আদায় করা হবে। যার মধ্যে পাঁচ টাকা পাবে বাংলাদেশ ব্যাংক। আর যেকোনো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) ক্ষেত্রে ভ্যাট ছাড়া সাত টাকা গ্রাহকের কাছ থেকে মাশুল নেওয়া হবে। যার মধ্যেও বাংলাদেশ ব্যাংক পাবে পাঁচ টাকা করে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার প্রথম আলোকে বলেন, এই সিস্টেমটি চালু, রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যতে এর মেশিনপত্র হালনাগাদ করতে বছরে ২৫ কোটি টাকার দরকার হবে। এত দিন বাংলাদেশ ব্যাংক এটা দিয়ে আসছিল। এখন এটা গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে। উল্লেখ্য, দাতা সংস্থা ডিএফআইডির অনুদানে এই অটোমেটেড ক্লিয়ারিং হাউসটি প্রতিষ্ঠা করা হয়েছে। তবে ভবিষ্যতে এর সংস্কার ও প্রযুক্তিগত হালনাগাদ করার অর্থ এই সংস্থা বহন করবে না। দেশের যেকোনো জেলা থেকে পাঁচ লাখ বা তদূর্ধ্ব যেকোনো অঙ্কের ক্লিয়ারিং চেক দিনে দিনে নিষ্পত্তি হয়ে গ্রাহকের হিসাবে জমা করতে হলে তাকে হাই ভ্যালু চেক হিসেবে গণ্য করা হয়। যেকোনো অঙ্কের ক্লিয়ারিং চেক জমা হওয়ার এক দিন পরে গ্রাহকের হিসাবে টাকা জমা হলে তাকে রেগুলার ভ্যালু চেক বলা হয়। আর ইলেকট্রোনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের কর্মীর বেতন দেওয়া হয়।