অডিও বাজারে ঈদকেন্দ্রিক বিনিয়োগ কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরে দেশের অডিও বাজারে যত নতুন অ্যালবাম আসে তার ৮০ শতাংশই আসে ঈদুল-ফিতরকে কেন্দ্র করে। আর তাই ঈদ বাজারকে লক্ষ্য রেখেই উদ্যোক্তারা সবচেয়ে বড় বিনিয়োগ করে থাকেন এই খাতে। কিন্তু গত দুই-তিন বছর ধরে অডিও ব্যবসায় ঈদকেন্দ্রিক বিনিয়োগ কমে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে কমে যাচ্ছে নতুন অ্যালবামের সংখ্যা। ব্যবসায়ীদের দাবি, অডিও বাজারে এখন মন্দা চলছে। তাই বিগত কয়েক বছরের তুলনায় এবার নতুন অ্যালবাম প্রকাশের হার অনেক কম। আর এই মন্দাদশার পেছনে পাইরেসি বা চোরাই অডিও কার্যক্রমের দৌরাত্ম্যকে সবচেয়ে বেশি দায়ী করছেন তাঁরা। মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইবি) প্রাক্কলন অনুসারে, এ বছর অডিও বাজারে এক কোটি টাকা বিনিয়োগ হয়েছে। অথচ গত বছর প্রায় পৌনে দুই কোটি টাকা বিনিয়োগ হয়েছিল। তবে তার আগের বছর অর্থাৎ ২০০৮ সালে বিনিয়োগের পরিমাণ ছিল চার কোটি টাকা, যা ২০০৭ সালে ছিল অন্তত পাঁচ কোটি টাকা। দেখা যাচ্ছে, অডিও বাজারে বিনিয়োগ কমে যাচ্ছে।এমআইবির সভাপতি কুমার বিশ্বজিৎ প্রথম আলোকে বলেন, পাইরেসির কারণে বাজারের পরিস্থিতি নাজুক। এই অবস্থায় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগের আস্থা পাচ্ছেন না।জানা গেছে, বছর তিনেক আগে যেখানে একটি অ্যালবামের জন্য ২৫ লাখ টাকার মতো বিনিয়োগের ঘটনাও ঘটেছে, এখন সেখানে অনেক প্রতিষ্ঠানের মোট বাজেটও এত টাকা হয় না। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড মিউজিকের কর্ণধার ইজাজ খান বলেন, ‘বাজারে অনেক নতুন অ্যালবাম থাকার পরও শ্রোতারা এখন ক্যাসেট কম কিনছেন।’ এ জন্য তিনি নকল ক্যাসেটের দৌরাত্ম্য ও এমপিথ্রিকে দায়ী করেন। প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ বলেন, ‘সাধারণত আমাদের দেশের অডিও বাজার দুটি ঈদেই চাঙ্গা হয়। কিন্তু টাকা খাটিয়ে আমরা বাজার থেকে তার সুফল পাচ্ছি না। কেন না, অ্যালবাম প্রকাশের পরপরই তা এমপিথ্রি ও নকল সিডিতে চলে আসছে।’ লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বললেন, ‘এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে বছরে একটা-দুটা অ্যালবামের বেশি সুপারহিট হয় না। অধিকাংশ অ্যালবাম গড়ে পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার বিক্রি হয়। অথচ অ্যালবামের প্রচ্ছদ, বিপণনসহ যাবতীয় খরচ আমাদেরই বহন করতে হয়। কিন্তু সেই তুলনায় টাকা উঠে আসছে না।’ গানচিলের সিইও গীতিকার আসিফ ইকবাল বড় বাজেটের অ্যালবাম প্রকাশকে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেন। প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও এর অঙ্গপ্রতিষ্ঠানের ব্যানারে বেশকিছু বড় বিনিয়োগের অ্যালবাম রয়েছে। প্রতিষ্ঠান দুটি ব্যান্ড অ্যালবামের পাশাপাশি নিয়মিত প্রকাশ করছেন একক শিল্পীদের গানও। ব্যানার দুটিতে ঈদ অ্যালবামের তালিকায় রয়েছে বেশকিছু আলোচিত অ্যালবাম।এককভাবে জি-সিরিজ একটি অ্যালবামের সবচেয়ে বেশি বাজেট রাখলেও ঈদ অ্যালবামের তালিকায় এবার সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। রাজধানীর পাটুয়াটলীতে অবস্থিত এ প্রতিষ্ঠানটি সর্বাধিক তারকার অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। গত কয়েক বছরে এ প্রতিষ্ঠানটি ২০ থেকে ২৫ লাখ টাকা মূল্যের অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে বেশ চমক সৃষ্টি করেছিল। এবার সেই রকম কোনো চমক নেই । তবে সংগীতা তার নিয়মিত তারকা শিল্পীদের নিয়ে এবার বেশকিছু ভালোমানের অ্যালবাম উপহার দিতে যাচ্ছে—এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা খন্দকার রবিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এবার আমরা আবার আমাদের নিয়মিত শিল্পীদের প্রতি নতুন করে মনোযোগ দিয়েছি। চড়া মূল্যের নামমাত্র হেভি ওয়েট অ্যালবামে আমরা আর আগ্রহী নই।’কারণ হিসেবে রবিন জানান, তারকাদের অ্যালবাম যেদিন প্রকাশ করা হয়, সেদিনই গানগুলো ইন্টারনেট, মোবাইল, পেনড্রাইভের মাধ্যমে কার্যত বিনামূল্যে চলে যায় শ্রোতাদের কাছে। এতে গান হিট হলেও প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে উল্লেখ করেন তিনি।