অতি কড়াকড়িতে মানি লন্ডারিং বৃদ্ধির আশঙ্কা গভর্নরের
মানি লন্ডারিং বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অতিমাত্রায় কড়াকড়ি আরোপে বাংলাদেশি মানি এক্সচেঞ্জগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এতে প্রবাসী-আয় (রেমিট্যান্স) প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। দুই শক্তিশালী দেশের এমন পদক্ষেপে মানি লন্ডারিং তো কমবেই না, উল্টো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকে প্রবাসী-আয় এবং জনশক্তি রপ্তানি ও উন্নয়নবিষয়ক পৃথক সেমিনারে যোগদান শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রথম আলোকে এসব কথা জানান।
বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ দিলীপ রাথার সঞ্চালনায় একটি সেমিনারে প্যানেল আলোচক ছিলেন ‘সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট’-এর সিনিয়র ফেলো অ্যালেন গিড, অন্যটিতে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
আতিউর রহমান জানান, বৈঠকে তিনি বলেছেন যে ব্যাংকগুলোকে ঢালাও জরিমানা করা বা মানি এক্সচেঞ্জগুলো বন্ধ করে দেওয়া ঠিক হবে না। প্রয়োজনে কেস-টু-কেস পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু কোনোভাবেই ঢালাও নয়। বাংলাদেশ তবুও টিকে আছে। কিন্তু আফ্রিকার দেশগুলো সত্যিই বিপদে আছে। এমন বক্তব্যে বৈঠকে সবাই একমত পোষণ করেছেন বলে জানান গভর্নর।
এর বাইরে প্রবাসী বাংলাদেশিদের জন্য কিছু পরিকল্পনার কথা জানান আতিউর রহমান। তিনি মনে করেন, বিদেশে লোক পাঠানোর খরচ কিছুটা কমানো গেলে এখন বিদেশ থেকে যে ঋণ ও অনুদান পাওয়া যায়, তার থেকেও বেশি টাকা সঞ্চয় থাকবে।
সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) এ বছরেই শেষ হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) তৈরি করবে জাতিসংঘ।
আতিউর রহমান বলেন, প্রবাসী-আয় হতে পারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম অর্থের উৎস। উদাহরণ দিয়ে তিনি বলেন, যদি একটি রিক্রুটিং এজেন্সি বিদেশে লোক পাঠাতে পাঁচ হাজার ডলারের পরিবর্তে চার হাজার ডলার নেয়, তাহলে এক হাজার ডলার বেঁচে যায়। ভারচুয়াল লেনদেনের মাধ্যমে এটা করাই যায়।
পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারলে প্রবাসী-আয় বর্তমানের চেয়েও দ্বিগুণ করা সম্ভব বলে তিনি মনে করেন। গভর্নর প্রথম আলোকে বলেন, ‘সেবা খাতে রপ্তানি বাজার খোলার প্রস্তুতি নিচ্ছে উন্নত দেশগুলো। আমাদের প্রস্তুতি নিতে হবে সেই বাজার ধরতে।’
প্রবাসীদের পাঠানো অর্থ বিনিয়োগে নিয়ে আসার জন্য ‘পেনশন স্কিম’ চালুরও পক্ষে আতিউর রহমান। তিনি বলেন, অবসরে যাওয়া সরকারি চাকুরেদের জন্য বাংলাদেশ সরকারের ‘পেনশনার সঞ্চয়পত্রের’ মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘পেনশন স্কিম’ চালু করা যেতে পারে।
গভর্নর বলেন, পৃথিবীজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠান। এর অল্প কিছুও যদি তাঁরা মাসে মাসে সঞ্চয় হিসেবে পেনশন স্কিমে রাখেন, তাহলে যখন তাঁরা দেশে ফিরবেন, তখন সেই টাকা তুলে নিজে চলতে পারবেন, সন্তানদেরও চালাতে পারবেন। ছোটখাটো বিনিয়োগে লাগানোও সহজ হবে তাঁদের জন্য।
সঞ্চয়ের এই অর্থ যেমন সরকার একদিকে অবকাঠামো খাতে বিনিয়োগ করতে পারবে, আবার অন্যদিকে প্রবাসীরা শেষ জীবনে ভালোভাবে বেঁচে থাকার সাহস পাবেন বলে মনে করেন আতিউর। তিনি বলেন, বর্তমানে বাজারে ডলার বন্ড রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য পেনশনার স্কিমও থাকতে পারে।
প্রবাসীরা এ থেকে কীভাবে উপকৃত হবেন, জানতে চাইলে গভর্নর বলেন, ‘বিদেশে ব্যাংকে টাকা রাখলে কোনো সুদ পাওয়া যায় না। আমরা যদি ৪-৫ শতাংশ সুদ দিই, তাহলে প্রবাসীরা আগ্রহ নিয়ে পেনশনার প্রকল্পে (স্কিম) টাকা রাখবেন।’
সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধিরা রেমিট্যান্সকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার কথা বলেন। গভর্নর বলেন, ‘আমরাও তা চাই। আর সে কারণেই চাই প্রবাসীদের জন্য পেনশনার স্কিম চালু করতে।’
আতিউর রহমান তাঁর উপস্থাপনায় বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮৬ লাখ লোক অবস্থান করছেন। তাঁরা প্রতিবছর ১৪ বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন। এই অর্থ জিডিপির ৮ শতাংশের মতো।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়ানোয় ব্যক্তিগতভাবে নিজে খুশি উল্লেখ করে আতিউর বলেন, ‘এ দেশ থেকে বাংলাদেশে প্রবাসী-আয়ের প্রবাহ বাড়ছে। আরও বাড়বে।’
দুই সেমিনার ছাড়াও আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডিস-এর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন আতিউর রহমান। প্রথম আলোকে গভর্নর বলেন, ‘তাঁদের বলেছি, আমরা তো আগের চেয়ে অনেক ভালো করছি। তার পরও আমাদের রেটিং একই জায়গায় থাকছে কেন? তাঁরা বলেছেন, তাঁরাও আশা করছেন ভবিষ্যতে বাংলাদেশের মান উন্নীত হবে।’