অতি ধনী ব্যক্তিদের তালিকায় ভারতের স্থান বিশ্বে পঞ্চম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অন্তত ৭০ জন ধনী ব্যক্তি যাঁদের প্রত্যেকেই ১০০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক। এই পরিমাণ সম্পদ থাকলে তাঁদের অতি ধনী (বিলিওনিয়ার) বলে ধরা হয়। চীনের এক সমীক্ষা অনুযায়ী, অতি ধনীদের দিক থেকে ভারতের অবস্থান এখন বিশ্বে পঞ্চম।
চীনের গবেষণা সংস্থা হুরুন সমীক্ষাটি করেছে। সংস্থাটি গত রোববার এ সমীক্ষা প্রকাশ করে।
সমীক্ষা অনুযায়ী, বিশ্বের ৬৮টি দেশের এক হাজার ৮৬৭ জন ব্যক্তি ১০০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক। এর মধ্যে ৪৮১ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। আর নিউইয়র্কেই বাস ৮৪ জন অতি ধনীর।
এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি উইন্ডোজের স্বত্বাধিকারী বিল গেটস। তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছয় হাজার ৮০০ কোটি ডলার।
ভারতের ৭০ অতি ধনীর ৩৩ জনের বাস মুম্বাইয়ে। দেশটির অতি ধনীদের তালিকায় শীর্ষে আছেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক হাজার ৮০০ কোটি ডলার। বিশ্বের অতি ধনীদের তালিকায় অবশ্য তাঁর অবস্থান ৪১।
এক হাজার ৭০০ কোটি ডলারের মালিক লক্ষ্মীনিবাস মিত্তল। বিশ্বে তাঁর স্থান ৪৯ নম্বরে। উইপ্রোর আজিম প্রেমজি এবং সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সিংভির সম্পদের পরিমাণ এক হাজার ৩৫ কোটি ডলার করে। যৌথভাবে তাঁদের স্থান বিশ্বে ৭৭ নম্বরে। টাটা সনসের পালোনজি মিস্ত্রির সম্পদের পরিমাণ এক হাজার ২০০ কোটি ডলার। তিনি রয়েছেন ৯৩ নম্বরে।
মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান দশম। তবে জিডিপি যা-ই হোক না কেন অতি ধনীদের দিক থেকে ভারতীয়রা যে ভালো অবস্থানে আছেন, চীনা সমীক্ষা তা-ই জানান দিল।