অতিদরিদ্রদের উৎপাদনে সম্পৃক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য বিমোচনকে টেকসই করতে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রক্রিয়ায় সমাজের সব শ্রেণির মানুষের অংশগ্রহণ থাকতে হবে। বর্তমানে অতিদরিদ্ররা এই প্রক্রিয়ায় খুব বেশি সম্পৃক্ত নেই। তাই দরিদ্র ও অতিদরিদ্ররা যেন অর্থনীতিতে মূল্য সংযোজন করতে পারে, সেই উদ্যোগ নিতে হবে। এ জন্য অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে রাষ্ট্রের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া দরকার। এতে সমাজের নিচের দিকের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বদৌলতে তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।
‘টেকসই উপায়ে অতিদারিদ্র্য দূরীকরণ’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এসব কথা বলেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করে।
রেহমান সোবহান বলেন, সম্পদের অভাবে তারা উৎপাদন-প্রক্রিয়ায় অংশ নিতে পারছে না। সে জন্য দরিদ্র মানুষ যাতে উৎপাদন করতে পারে, তাদের এমন সম্পদ দিতে হবে। ফলে সব মানুষের অংশগ্রহণেই জিডিপির প্রবৃদ্ধি হবে।
রেহমান সোবহানের মতে, জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলা হচ্ছে। এই ৭ শতাংশ একটি সংখ্যা মাত্র। কিন্তু প্রবৃদ্ধির সুফল কোন শ্রেণির মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে, সেটাই দেখার বিষয়।
ক্ষুদ্র উদ্যোক্তা কীভাবে তৈরি হবে—এ বিষয়ে রেহমান সোবহান ভারতের দুগ্ধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘আমুল’-এর উদাহরণ দেন। তিনি জানান, এই প্রতিষ্ঠানটি পল্লি এলাকার খামারিদের কাছ থেকে প্রচুর পরিমাণে তরল দুধ সংগ্রহ করে। আমুলের পশ্চাৎসংযোগ শিল্প হিসেবে পল্লি এলাকায় বিপুলসংখ্যক দুগ্ধ খামারি বা উদ্যোক্তা তৈরি হয়েছে।
রেহমান সোবহান মনে করেন, দরিদ্র মানুষের উৎপাদন করার মতো সম্পদ নেই। এটা শুধু দারিদ্র্যের কারণ নয়, এটা বৈষম্যও।
অতিদারিদ্র্য, অতিদারিদ্র্যের কাছাকাছি, দারিদ্র্য—এই তিন ধরনের মানুষের জন্য পৃথক ও বিস্তারিত কর্মসূচি নেওয়ার পরামর্শ দেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ। তাঁর মতে, এসব মানুষের জন্য আলাদা কর্মসূচি নিলে পুনরায় তারা আর দারিদ্র্যসীমার নিচে নেমে যাবে না।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, ‘বিভিন্ন ব্যাংক বিপুল অর্থ সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে খরচ করে। এখন প্রশ্ন হলো, সিএসআর করে দরিদ্র মানুষের উপকার করব নাকি সুদের হার কমিয়ে অনেক বেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হবে। যাতে বেশি লোকের কর্মসংস্থান হয়।’
মসিউর রহমান পরামর্শ দেন, গরিব মানুষের কল্যাণে যে অর্থ খরচ করা হয়, তা যেন বিনিয়োগের মনোভাব নিয়ে করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘আমাদের উদ্দেশ্য অতিদরিদ্র মানুষকে দারিদ্র্যসীমার ওপরে ওঠানো। কিন্তু এটা করতে গিয়ে খেয়াল রাখতে হবে, জীবনমান আরও উন্নত করার সুযোগের অভাবে তারা যেন অতি দারিদ্র্যসীমার কিছুটা ওপরে উঠে আটকে না থাকে। তাহলে তারা পুনরায় অতিদারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে।’
দুই দিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন কর্ম-অধিবেশনে যেসব সুপারিশ উঠে এসেছে, সেগুলো সমাপনী অনুষ্ঠানে তুলে ধরেন জিইডির সদস্য শামসুল আলম। সুপারিশসমূহ হলো: জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে হবে, জাতীয় সামাজিক নিরাপত্তা-কৌশল ব্যবহার করে অতিদারিদ্র্য দূরীকরণে বরাদ্দ বাড়ানো, সফল ও চিহ্নিত উপকারভোগীদের জীবিকা উন্নয়নের কর্মসূচিগুলোর আওতা বৃদ্ধি, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অতিদারিদ্র্য দূরীকরণের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া, সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি এবং অতিদারিদ্র্যবিষয়ক সচিবালয় স্থাপন।
শামসুল আলম মনে করেন, জিডিপির ৩ শতাংশ অর্থ ব্যয় করেই দেশের ১ কোটি ৭০ লাখ অতিদারিদ্র্য মানুষকে দুরবস্থা থেকে বের করে আনা সম্ভব।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদ। তাঁর মতে, বাজার হলো দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার। তাই দরিদ্র মানুষকে বাজারের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
এই সম্মেলনের বিভিন্ন কর্ম-অধিবেশনে দেশি-বিদেশি অর্থনীতিবিদ, গবেষক, বিশেষজ্ঞরা তাঁদের মতামত উপস্থাপন করেন। এই সম্মেলন আয়োজনে সহায়তা করে বাংলাদেশ ব্যাংক ও বিআইডিএস।