অতিদরিদ্রদের জন্য রাজনৈতিক প্রভাবমুক্ত কর্মসংস্থানের তাগিদ
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে (পিজিপিপি) সুবিধাভোগীদের সুবিধা নিশ্চিত করতে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে। এ ছাড়া এই কর্মসূচিতে আরও বেশি নারীকে অন্তর্ভুক্ত করা উচিত। গতকাল মঙ্গলবার এক আলোচনা সভায় এই কর্মসূচির ওপর মূল্যায়ন করতে গিয়ে বক্তারা এ কথা বলেন। রাজধানীর র্যা ডিসন হোটেলে কর্মসূচির মূল্যায়নসংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংক এই আলোচনা সভার আয়োজন করে। কর্মসূচির মূল্যায়ন করে বেসরকারি সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চিফ অব পার্টি আখতার আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক উম্মুল এইচ রুথবাহ তিনটি উপস্থাপনাপত্র দেন। এ ছাড়া বক্তব্য দেন বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ইফাত শরীফ, দক্ষিণ এশিয়া সামাজিক সুরক্ষাবিষয়ক খাত ব্যবস্থাপক পাবলো গোটট্রেট প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব আসলাম আলম। হোসেন জিল্লুর রহমান বলেন, এই কর্মসূচির আওতায় গাইবান্ধা, ভোলা ও পাবনার বেড়ায় অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এই অঞ্চলে অনেক ‘ভৌতিক মজুর’ রয়েছে। ভোলায় দেখানো হয়েছে ২০০ মজুরকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রকৃত অর্থে সেখানে ৩৮ জন মজুর পাওয়া গেছে। জিল্লুরের মতে, এখনো এই ধরনের কর্মসূচিতে রাজনৈতিক প্রভাব রয়েছে। তবে সামগ্রিকভাবে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ আগের চেয়ে কমেছে। রাজনৈতিক প্রভাব কমানো গেলে এসব কর্মসূচিতে আরও ভালো ফল পাওয়া যাবে। তিনি মজুরির হার আরও বাড়ানোর পরামর্শ দেন। আখতার আহমেদ বলেন, এই কর্মসূচির আওতায় যত লোকের কর্মসংস্থান হয়েছে, তার মাত্র ২৩ শতাংশ নারী। আর প্রায় ৮০ শতাংশ সুবিধাভোগীর বসতবাড়ি ছাড়া আর কোনো জমি নেই।উম্মুল এইচ রুথবাহ বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিটি অন্য কর্মসূচিগুলোর চেয়ে ভালো করছে। তবে নারীরা এই কর্মসূচির পর্যাপ্ত সুফল পাচ্ছেন না। এ জন্য কর্মসূচির পরিকল্পনায় পরিবর্তন আনা উচিত বলে তিনি মনে করেন। আসলাম আলম বলেন, এই কর্মসূচিটি পর্যালোচনার জন্য সরকার এখন অভ্যন্তরীণ পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করছে। ইতিমধ্যে ৩২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দারিদ্র্যপ্রবণ এলাকায় নারীদের সম্পৃক্ত করার চেষ্টা চলছে। এই কর্মসূচির আওতায় লিন পিরিয়ডে (কর্মহীন মৌসুম) ছয় লাখ অতিদরিদ্র লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ নারী। এই কর্মসূচির আওতায় ১৫ কোটি কর্মদিবস কাজের সংস্থান করা হচ্ছে।