বিশ্ব বাণিজ্য
অতিধনীদের ব্যক্তিগত দ্বন্দ্বের উপাখ্যান
বিশ্বের শীর্ষস্থানীয় অতিধনীদের অনেকেই পরস্পরের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বেও লিপ্ত হন। সুযোগ পেলেই তাঁদের একজন আরেকজনকে বাক্যবাণে বিদ্ধ করেন। প্রতিপক্ষকে ঘায়েল করতে এক পক্ষ আজ চেষ্টা করেন তো প্রতিপক্ষ কাল পাল্টা তোপ দাগেন।
বিশ্বের শীর্ষস্থানীয় অতিধনীদের অনেকের সম্পর্কই বেশ বৈরী। তাঁদের মধ্যে ব্যবসায়িক ও ধনসম্পদ নিয়ে প্রতিযোগিতার চেয়ে ব্যক্তিগত দ্বন্দ্বই বেশি প্রকট। ন্যূনতম সুযোগ পেলেই একজন আরেকজনকে বাক্যবাণে বিদ্ধ করেন। তাঁরা একে অন্যকে নাস্তানাবুদ করতেই যেন মুখিয়ে থাকেন।
দ্বন্দ্বে লিপ্ত এসব অতিধনীর মধ্যে প্রথমেই আসে ইলন মাস্ক ও জেফ বেজোসের নাম। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস–এর তৈরি বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী বর্তমানে এ দুজনই আছেন প্রথম দুটি স্থানে। ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও মহাকাশে বেসরকারি রকেট প্রেরণকারী সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। আর জেফ বেজোস হলেন বৈশ্বিক ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও।
ইলেকট্রনিকস, সফটওয়্যার ও অনলাইনভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও স্টিভ জবসও জীবদ্দশায় কম্পিউটার কোম্পানি ডেলের প্রতিষ্ঠাতা ও সিইও মাইকেল ডেলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন। একইভাবে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আর টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসির মধ্যে দীর্ঘদিন ধরে বৈরিতা চলছে।
অতিধনীদের কেউ কেউ একাধিক অতিধনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন। যেমন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস আর ফেসবুকের মার্ক জাকারবার্গের সঙ্গেও ইলন মাস্কের দ্বন্দ্ব রয়েছে। আবার বিল গেটস দ্বন্দ্বে জড়ান ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ল্যারি এলিসন এবং অ্যাপলের স্টিভ জবসের সঙ্গে। মার্ক জাকারবার্গ অ্যাপলের বর্তমান সিইও টিম কুক, ইনস্টাগ্রামের সাবেক সিইও কেভিন সিস্ট্রোম ও স্ন্যাপের সিইও ইভান স্পাইজেল বৈরিতায় লিপ্ত।
ইলন মাস্ক ও জেফ বেজোস
আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস এবং স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক জাগতিক কোনো বিষয়ে পরস্পরের প্রতিদ্বন্দ্বী নন। তাঁরা মহাকাশে ওড়া নিয়ে পরস্পরের প্রবল প্রতিদ্বন্দ্বী।
জেফ বেজোস ২০০০ সালে তাঁর রকেট কোম্পানি ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেন। আর ২০০২ সালে ইলন মাস্কও খোলেন রকেট কোম্পানি স্পেসএক্স। এর দুই বছর পর বেজোস-মাস্ক একবার ডিনারে অর্থাৎ রাতের খাবারের জন্য এক জায়গায় মিলিত হন। তাতেও কিন্তু তাঁদের সম্পর্ক স্বাভাবিক হয়নি। সে সম্পর্কে পরবর্তী সময় মাস্ক বলেন, ‘আমি আসলে ভালো পরামর্শ দিতে যথাসাধ্য চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি তা উপেক্ষা করেছিলেন।’
২০১৩ সালে বেজোস-মাস্কের বৈরিতা ও প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে ওঠে। স্পেসএক্স যুক্তরাষ্ট্র সরকারের মহাশূন্যবিষয়ক সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) একটি সিস্টেম বা ব্যবস্থা একচেটিয়া ব্যবহারের অনুমতি পাওয়ার জেরে দুই অতিধনীর বৈরিতা বেড়ে যায়। বেজোসের ব্লু অরিজিন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়। কিন্তু সে যাত্রা স্পেসএক্স জিতে যায়, অর্থাৎ ওই ব্যবস্থাটি ব্যবহারের অনুমোদন তাদেরই থাকে। কয়েক মাস পর অবশ্য বেজোসের ব্লু অরিজিনও একই সুবিধা লাভ করে। তবে এর কিছুদিন পরই বেজোস ও মাস্কের মধ্যে শুরু হয় টুইটযুদ্ধ, যা এখনো চলছে। সুযোগ পেলেই একজন আরেকজনের ওপর চড়াও হন। বেজোসের ব্লু অরিজিন মাস্কের স্পেসএক্সের বিরুদ্ধে আদালতে অভিযোগ করে। ২০২১ সালে বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী হওয়ার পরপর মাস্ক ফোর্বস ম্যাগাজিনের সঙ্গে আলাপকালে বেজোসকে নিয়ে উপহাস করেন। জানান, ‘তিনি ২ সংখ্যাটির একটি বিশাল মূর্তি ও একটি রুপার মেডেল বা পদক বানিয়ে সেটি জেফ্রি বি’কে পাঠানোর পরিকল্পনা করছেন।’
স্টিভ জবস ও মাইকেল ডেল
১৯৯৭ সালে ইলেকট্রনিকস, সফটওয়্যার ও অনলাইনভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাপল যখন খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল, তখন সেটি নিয়ে কম্পিউটার কোম্পানি ডেলের প্রতিষ্ঠাতা ও সিইও মাইকেল ডেলের মতামত জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি জানিয়েছিলেন যে তিনি ‘এটি বন্ধ করে দেবেন’ এবং ‘শেয়ারহোল্ডারদের অর্থ ফেরত দেবেন।’
ডেলের এই মন্তব্যে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও স্টিভ জবস খুব বিরক্ত হয়েছিলেন। তিনি তাঁর প্রতিক্রিয়ায় ডেলের চেয়ে আরেক কাঠি সরেস মন্তব্য করেন। বলেন, ‘বিশ্বে আরেকটি ডেল বা এইচপির প্রয়োজন নেই। পৃথিবীতে ধূসর বর্ণের আর কোনো সাদামাটা ও বিরক্তিকর পিসি (ব্যক্তিগত কম্পিউটার) প্রস্তুতকারকের প্রয়োজন নেই। যদি আমরাও সেরকমই করি, তাহলে আমাদের সত্যিই সবকিছু গুটিয়ে নেওয়া উচিত।’ একই সঙ্গে তিনি ডেলের মন্তব্যকে ‘অভদ্র’ বলেও আখ্যায়িত করেন। এরপর অবশ্য ডেল অনেকটা নরম মনোভাব দেখান।
২০০৬ সালে স্টিভ জবস তাঁর কোম্পানির সব কর্মীর উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘মাইকেল ডেল ভবিষ্যদ্বাণী করার ক্ষেত্রে নিখুঁত লোক ছিলেন না। আজকের পুঁজিবাজারের ওপর ভিত্তি করে বলা যায়, কোম্পানি হিসেবে ডেলের চেয়ে অ্যাপলের মূল্য বেশি। আর শেয়ারের দাম ওঠানামা করতেই পারে। কিন্তু বিষয়টা আগামীকাল আবার আলাদা হয়ে যেতে পারে।’
বিল গেটস ও ইলন মাস্ক
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যকার কলহ-বিবাদের খবর প্রথম প্রকাশ পায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। তখন বিল গেটস ইউটিউবার মার্কেস ব্রাউনলির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন যে টেসলা বৈদ্যুতিক গাড়ি উদ্ভাবন করলেও সাম্প্রতিক সময়ে গাড়ি কিনতে গিয়ে তিনি পোর্শে টেকান গাড়ি কিনেছেন। টেসলা কেনেননি। এর প্রতিক্রিয়ায় ইলন মাস্ক টুইট করে জানান যে গেটসের সঙ্গে কথোপকথনে তিনি খুব কম প্রভাবিত হন।
মাস পাঁচেক পর সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ইলন মাস্ক যেভাবে কোভিড-১৯–এর ভয়াবহতাকে অবজ্ঞা করার পাশাপাশি ভাইরাসটির মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চলেছেন, তা আপত্তিকর।
কয়েকদিন পরই বিল গেটসকে নিয়ে ইলন মাস্ক টুইটারে লেখেন, ‘বিলি জি আমার প্রেমিক নন’ এবং ‘বিল গেটস আর আমি যে প্রেমিকযুগল—এ গুজবটি সম্পূর্ণ অসত্য।’
এদিকে বিল গেটসও দমার পাত্র নন। মহাকাশ নিয়ে ইলন মাস্কের উচ্চাকাঙ্ক্ষার কারণে তাঁর সমালোচনা করেন বিল। বলেন, ‘আমি মনে করি না যে রকেটেই সমাধান, বরং তিনি যেন ভ্যাকসিনের জন্যই অর্থ ব্যয় করেন।’
মাস্ক প্রায় সব সময়ই ভার্চ্যুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি নিয়ে টুইট করে থাকেন। সেজন্য তাঁকে ক্রিপ্টোকারেন্সি কেনার বিষয়ে সতর্ক করেন বিল গেটস। তিনি একবার ব্লুমবার্গকে বলেন, ‘আমার সাধারণ ধারণা হচ্ছে, আপনার যদি ইলনের চেয়ে কম টাকা থাকে, তাহলে তাঁর ব্যাপারে আপনার সতর্ক হওয়া উচিত।’
মার্ক জাকারবার্গ ও জ্যাক ডরসি
তাঁরা দুজনেই বিশ্বের শীর্ষস্থানীয় দুটি জনপ্রিয় সামাজিক মিডিয়ার কর্ণধার। একজন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, অন্যজন টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি। গত কয়েক বছরে তাঁদের দুজনের মধ্যকার দ্বন্দ্ব বেড়েছে। ২০১৯ সালে ফেসবুক রাজনৈতিক বিজ্ঞাপনের সত্যতা যাচাই না করার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ফেসবুকের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জ্যাক ডরসি ঘোষণা করেন যে টুইটার রাজনৈতিক বিজ্ঞাপন সম্পূর্ণভাবে স্থগিত করবে। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘রাজনৈতিক বার্তা এমনিতেই মানুষের কাছে পৌঁছানো উচিত, এটি কেনার জিনিস নয়।’
অন্যদিকে মার্ক জাকারবার্গও দমে যাননি। তিনিও টুইটারের সমালোচনায় মুখর হয়ে ওঠেন। বলেন, ‘আমরা যত ভালো কাজ করতে পারি, ততটা টুইটার পারে না।’ এর দুই মাস পর জাকারবার্গকে টুইটারে অনফলো করেন ডরসি।
এরপর যখন ফেসবুকের লোগোর পুনর্ব্র্যান্ডিং করা হয়, তার সমালোচনা করেন ডরসি এবং জানান যে তিনি ফেসবুকের কোনো পণ্যই ব্যবহার করেন না। সম্প্রতি ফেসবুককে মেটাভার্স কোম্পানিতে পরিণত করার ঘোষণা দেওয়া হয়। এ পরিকল্পনার জন্যও জাকারবার্গকে উপহাস করেন ডরসি। সূত্র: বিজনেসইনসাইডার।