অতিবিনিয়োগে বিপাকে রাইস ব্র্যান তেলশিল্প

দেশে ধানের কুঁড়া থেকে তেল উৎপাদন শুরু হয় ২০১০ সালে। পরের পাঁচ বছরে নতুন এই পণ্যের বাজার যতটুকু বেড়েছে, তার চেয়ে বেশি হারে বেড়েছে এ খাতে বিনিয়োগ। সর্বশেষ কুঁড়ার তেল বা রাইস ব্র্যান অয়েল উৎপাদনকারী মিলের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে।
একে অতিবিনিয়োগ হিসেবে আখ্যায়িত করে এ খাতের উদ্যোক্তারা বলছেন, উঠতি এই শিল্প শিশুকালেই বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন বেশির ভাগেরই অবস্থা খারাপ। কোনোটিই ক্ষমতা অনুযায়ী তেল উৎপাদন করতে পারছে না। লোকসান দিতে হচ্ছে বেশির ভাগ মিলকে।
উদ্যোক্তারা বলছেন, দেশের মানুষ রাইস ব্র্যান অয়েল কম দামের কারণে নয়, বরং স্বাস্থ্যগত কারণে খেতে শুরু করেছিল। শুরুতে এক লিটার রাইস ব্র্যান অয়েলের দাম ছিল ১৮৫ টাকা। এ দরে তেল বিক্রি করে বেশ ভালোভাবে তাদের বাজার বাড়াচ্ছিল। কিন্তু উৎপাদকের সংখ্যা বেড়ে যাওয়ায় বাজার ধরতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, বাজার ধরতে কিছু কোম্পানি খুব সস্তা দরে নিম্নমানের তেল বাজারে ছেড়ে দেয়। অন্যরাও দাম কমাতে বাধ্য হয়। এতে একসময় উচ্চ দাম দিয়ে রাইস ব্র্যান অয়েল কিনতে অভ্যস্ত ক্রেতাদের মধ্যে মান নিয়ে সন্দেহ তৈরি হয়। সেখান থেকেই আজকের অবস্থা তৈরি হয়েছে।
রাইস ব্র্যান অয়েল খাতের অন্যতম প্রতিষ্ঠান অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক প্রকাশ দত্ত বলেন, ‘বেশির ভাগ কোম্পানির উৎপাদন ধারাবাহিক নয়। এখন কখনো কখনো লোকসান হচ্ছে, কখনো কখনো লাভ হচ্ছে। আমরা মূলত টিকে থাকার চেষ্টায় আছি।’
গত বছর বাংলাদেশ ট্যারিফ কমিশন ‘বাংলাদেশে ধানের কুঁড়ার তেলের সম্ভাবনা’ শীর্ষক একটি সমীক্ষা করে। ওই সমীক্ষা অনুযায়ী, দেশে রাইস ব্র্যান অয়েল মিলের সংখ্যা ১৫। এগুলোর মোট উৎপাদনক্ষমতা বছরে ২ লাখ ৫৮ হাজার টন। উদ্যোক্তারা জানান, উৎপাদনে আসা ১৩টি মিলের মধ্যে একটি বিক্রি ও একটি বন্ধ হয়ে গেছে।
ঢাকার কারওয়ান বাজারে বিভিন্ন কোম্পানির রাইস ব্র্যান অয়েলের ৫ লিটারের বোতল ৪৯০ থেকে ৫৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, বোতলের মোড়কে দর অনেক বেশি লেখা থাকলেও কোম্পানিগুলো তাদের কাছে অনেক কম দরে বিক্রি করে। যেমন একটি কোম্পানির বোতলে লেখা সর্বোচ্চ খুচরা দর ৬২০ টাকা, কিন্তু খুচরা বিক্রেতারা তা কিনছেন ৫০৫ টাকায়। আর বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল প্রতি পাঁচ লিটার ৪৬০ থেকে ৪৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের হাজী মিজান স্টোরের বিক্রেতা মিজানুর রহমান বলেন, একসময় রাইস ব্র্যান অয়েল খুব ভালো চলত। এখন বিক্রি কমে গেছে।
আলী ন্যাচারাল অয়েল মিলের নির্বাহী পরিচালক এম এ সাদাত খান বলেন, আজকের অবস্থার জন্য দায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধানেরা। তাঁরা সয়াবিনের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে এ তেলের দাম কমিয়েছেন। এর বদলে তাঁরা যদি এই তেলের ভাবমূর্তি ধরে রাখতেন তাহলে এ অবস্থা হতো না। যারা ভালো জিনিস খায়, তারা ভালো দাম দিতেও প্রস্তুত ছিল।
উৎপাদন খরচ বেড়েছে: উদ্যোক্তারা জানান, ২০১০ সালে দেশে যখন ধানের কুঁড়া থেকে তেল উৎপাদন শুরু হয়, তখন প্রতি কেজি কুঁড়ার দাম ছিল ১১ থেকে ১২ টাকা। এখনকার দর ১৯ থেকে ২০ টাকা।
ট্যারিফ কমিশনের সমীক্ষা অনুযায়ী, এক টন তেল উৎপাদনে মোট ব্যয়ের প্রায় ৮৪ শতাংশ যায় কুঁড়ার পেছনে। ওই সমীক্ষা অনুযায়ী, তখন এক লিটার রাইস ব্র্যান অয়েল উৎপাদনে মূল্য সংযোজন কর (মূসক) ছাড়া মিলের দর দাঁড়াত প্রায় ৬৭ টাকা।
প্রকাশ দত্ত বলেন, শুরুতে সয়াবিনের চেয়ে কম খরচে রাইস ব্র্যান অয়েল উৎপাদন করা যেত। এখন খরচ সয়াবিনের চেয়ে বেশি পড়ছে।
উল্লেখ্য, ২০১১ সালের তুলনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম টনপ্রতি ৬০০ ডলার কমে ৭০০ ডলারের কাছাকাছিতে নেমেছে।
কাঁচামালের সংকট: ট্যারিফ কমিশনের সমীক্ষায় বলা হয়েছে, দেশের মিলগুলোর মোট উৎপাদনক্ষমতা ২ লাখ ৫৮ হাজার টন। বাংলাদেশে যে পরিমাণ ধান উৎপাদিত হয়, তার ৭০ শতাংশের কুঁড়া থেকে ৫ লাখ টন রাইস ব্র্যান অয়েল উৎপাদন সম্ভব। তবে উৎপাদকেরা বলছেন, চাহিদা অনুযায়ী কুঁড়া তাঁদের কারখানায় আসছে না।
আলী ন্যাচারাল অয়েল মিলের সাদাত খান বলেন, শুধু স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় চালের মিলের ধানের কুড়া থেকে রাইস ব্র্যান অয়েল উৎপাদন করা যায়। কিন্তু এখনো বেশির ভাগ ধান ভাঙানো হয় সাধারণ মিলে। এখন সব মিল যদি একসঙ্গে উৎপাদনে যেতে চায়, তাহলে কাঁচামাল পাবে না।