অতিরিক্ত আমদানিতে পড়ে গেছে চায়ের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশ থেকে চা পাতা আমদানি বেড়ে যাওয়ায় দেশে উৎপাদিত চা পাতার দাম পড়ে গেছে। ক্রেতা না থাকায় কোনো কোনো বাগানমালিক উৎপাদন খরচের চেয়ে কম দামেও চা পাতা বিক্রি করছেন।
বাগানমালিকেরা বলছেন, গত বছরের রাজনৈতিক অস্থিরতায় দেশীয় চায়ের একটি বড় অংশই নিলাম বাজারে বিক্রি করা যায়নি। আর এই সময়ে প্রচুর পরিমাণ চা আমদানি হয়েছে। আর চাহিদার তুলনায় বেশি হয়ে যাওয়ার কারণেই চায়ের দামও কমে গেছে।
এই অবস্থা চলতে থাকলে অনেক চা-বাগান লোকসান গুনবে বলে মনে করছেন বাগানমালিকেরা। সে কারণে দেশীয় চা-শিল্পকে বাঁচাতে চা পাতা আমদানিতে কর বাড়ানোর দাবি করছেন তাঁরা।
এ বিষয়ে বাংলাদেশীয় চা সংসদের সিলেট শাখার চেয়ারম্যান জি এম শিবলী প্রথম আলোকে বলেন, ‘অন্যান্য দেশ থেকে চা পাতা আনা হয়েছে। এতে দেশে চা পাতা উদ্বৃত্ত হয়ে গেছে। ফলে দেশীয় চা এখন বিক্রি করা যাচ্ছে না। চা শিল্পকে রক্ষা করতে চায়ের আমদানি শুল্ক বাড়াতে হবে।’
চলতি ২০১৩-১৪ অর্থবছরে চা আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার হওয়ার পর মার্চ পর্যন্ত দেশে চা আমদানি হয়েছে এক কোটি আট লাখ কেজি। একই সময়ে উৎপাদিত হয় প্রায় ছয় কোটি ৩৭ লাখ কেজি। উৎপাদন ও আমদানি মিলিয়ে চলতি মৌসুমে চায়ের মজুত বেড়ে দাঁড়ায় সাত কোটি ৪৫ লাখ কেজি। অন্যদিকে এ মৌসুমে চায়ের চাহিদা প্রাক্কলন করা হয়েছে ছয় কোটি ৩৫ লাখ কেজি। অর্থাৎ চাহিদার চেয়ে এখন মজুত বেশি। আর এটিই বাগানমালিকদের দুশ্চিন্তার কারণ।
একসময় চা রপ্তানিকারক হিসেবে পরিচিত বাংলাদেশ এখন অভ্যন্তরীণ চাহিদা মেটাতে চা আমদানি করছে। উৎপাদনের প্রায় দ্বিগুণ হারে চাহিদা বাড়তে থাকায় প্রতিবছরই চা আমদানির পরিমাণও বাড়ছে।
দেশে মোট চা-বাগান আছে ১৬৫টি। আর মৌলভীবাজারেই আছে ৯২টি। জেলার একাধিক বাগান ব্যবস্থাপক প্রথম আলোকে জানান, এক কেজি চা পাতা উৎপাদনে খরচ পড়েছে ১৪০-১৫০ টাকা। বাগানের মানভেদে উৎপাদন ব্যয় কম-বেশিও হতে পারে। কিন্তু ভালো মানের এক কেজি চা পাতা এখন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে, যা আগে ২০০ টাকার ওপরে বিক্রি হয়েছে। মাঝারি মানের চা পাতা বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়। তার পরও কেনার লোক নেই। চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কীটনাশকসহ চা উৎপাদনের আনুষঙ্গিক উপকরণগুলোর দাম বেড়ে যাওয়ায় এ বছর উৎপাদন ব্যয়ও বেড়েছে বলে জানান তাঁরা।
একাধিক চা-বাগানে খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর রাজনৈতিক অস্থিরতার সময় চা পাতার গাড়ি পোড়ানো ও ছিনতাই হওয়ার ভয়ে অনেক বাগানমালিক চট্টগ্রামের চা নিলাম কেন্দ্রে সময়মতো চা পাঠাতে পারেননি। ফলে অনেক বাগানেই দু-তিন মাসের চা আটকে যায়। যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হওয়ার পর নিলাম বাজারে সেসব চা পাঠানো হলেও ক্রেতার অভাবে অনেকটাই বিক্রি হয়নি। অনেক বাগানমালিক পাতা ফেরত নিয়ে এসেছেন।