অতিরিক্ত কর না চাপানোর প্রস্তাব এমসিসিআইয়ের

রাজস্ব আদায়ে ঘাটতি হলে তা পূরণের জন্য বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হয়। এটা অন্যায্য এবং বড় করদাতাদের শাস্তি দেওয়ার সমান। এমন মন্তব্য করে রাজস্ব ঘাটতি পূরণে বিকল্প উপায় খুঁজতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পরামর্শ দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার এক প্রাক্-বাজেট আলোচনায় এমন পরামর্শ দেন এমসিসিআইয়ের নেতারা।
এর পরিপ্রেক্ষিতে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান তাঁদের আশ্বস্ত করে বলেছেন, ‘রাজস্ব আদায় এবার একটি চ্যালেঞ্জ। কিন্তু রাজস্ব আদায় বাড়াতে আপনাদের ওপর চাপ বাড়ানো হবে না। আপনাদের ভয়ের কোনো কারণ নেই।’ তিনি জানান, সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে। এডিপি যথাযথভাবে বাস্তবায়িত হলে তা থেকে রাজস্ব আসবে। সরকারি বিভিন্ন সংস্থার কাছে পড়ে থাকা বকেয়া কর আদায়ের ব্যবস্থা করা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৩০০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।
আলোচনায় এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘চলমান রাজনৈতিক সহিংসতা ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার একটি বিচক্ষণ বাজেট প্রণয়ন করবে বলে প্রত্যাশা করছি। বিচক্ষণ বাজেট বলতে বোঝাচ্ছি, এমন একটি বাজেট, যা শিল্প উদ্যমকে উৎসাহিত করবে, কর্মসংস্থান বাড়াবে, বাণিজ্য প্রসারিত করবে এবং একই সঙ্গে সরকারের অর্থনৈতিক ও সামাজিক নীতিমালার লক্ষ্যগুলোর অর্জন ত্বরান্বিত করবে।’
এমসিসিআইয়ের সভাপতি বলেন, ইউরোর ব্যাপক দরপতনের কারণে রপ্তানি কমে গেছে। দেশের ভেতরেও পণ্যের বিক্রি কমেছে। জমির দাম বেশি বলে বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগ করতে আগ্রহ হারাচ্ছেন। সার্বিকভাবে এসব বিষয়ের প্রতিফলন আগামী বাজেটে চান তাঁরা। তিনি বলেন, ‘এলটিইউর মধ্যে আমরা যারা আছি, তারা ২০১৫ সালটি খুব খারাপভাবে শুরু করেছি। জানি না এর শেষ কোথায়?’
ব্যবসায়ীদের এই সংগঠনটি ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়িয়ে দুই লাখ ৬৫ হাজার টাকা এবং ন্যূনতম কর এলাকাভিত্তিক না করে সবার জন্য দুই হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে।
এমসিসিআই দেশীয় শিল্পের স্বার্থে মৌলিক কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের শুল্ক কমানো; আমদানি পর্যায়ে অগ্রিম আয়করের হার ৩ শতাংশ করা; রপ্তানিকারকদের নগদ সহায়তার ওপর ৩ শতাংশ কর না কাটা; এসএমই খাতের করমুক্ত বার্ষিক লেনদেন ৬০ লাখ টাকায় উন্নীত; অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানির করপোরেট কর কমিয়ে ৪০ শতাংশ করা; ২০২০ সাল পর্যন্ত কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের কর মওকুফ এবং পর্যটন খাতের বিনিয়োগ ও আয়কে করমুক্ত করার প্রস্তাব করেছে।
বাজেট আলোচনায় এমসিসিআইয়ের সাবেক সভাপতি ও এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলা বলেন, ‘ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করা এলটিইউদের জন্য অপমানজনক। এটা না করলেও পারেন।’
এমসিসিআইয়ের সাবেক সহসভাপতি নিহাদ কবির এলটিইউর মতো একটি ক্ষুদ্র করদাতা ইউনিটের (এসটিইউ) প্রস্তাব করেন। এ ক্ষেত্রে ক্ষুদ্র করদাতাদের কর দেওয়ার সুবিধার্থে এর প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি।
এর আগে সকালে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) সঙ্গে প্রাক্-বাজেট আলোচনা হয়। আলোচনায় সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ রাখা হচ্ছে, যা মোটেও যুক্তিসংগত নয়। তবে কালোটাকার সুযোগ যদি দিতে হয় সেটা শুধুই শিল্প খাতে দেওয়া উচিত, প্লট, জমি, ফ্ল্যাট ও শেয়ারবাজারে নয়।
বিসিআই ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়িয়ে তিন লাখ টাকা; করপোরেট করহার কমানো; শিল্পের মৌলিক কাঁচামালের ওপর থেকে অগ্রিম আয়কর প্রত্যাহার; মূসকের হার কমিয়ে ১০ শতাংশ করা; এসএমই খাতে ৪৮ লাখ টাকা লেনদেন পর্যন্ত মূসক অব্যাহতি ও বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে বকেয়া কর আদায়ের; করের আওতা বাড়াতে সব উপজেলায় কর কার্যালয় স্থাপনের প্রস্তাব করে বিসিআই।
এনবিআরের সম্মেলনকক্ষে গতকাল ইন্দো-বাংলা চেম্বার, বাংলাদেশ উইমেন চেম্বার, ঢাকা উইমেন চেম্বার এবং ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারাও তাঁদের বাজেট প্রস্তাব তুলে ধরেন।