>

২০১৩ সালে যাত্রা শুরু করে চতুর্থ প্রজন্মের মেঘনা ব্যাংক পদার্পণ করেছে চতুর্থ বর্ষে। গত তিন বছরে ব্যাংকটির কার্যক্রম, ব্যাংক খাতের সাফল্য-ব্যর্থতা, সমস্যাসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন। সাক্ষাৎকার নিয়েছেন সানাউল্লাহ সাকিব।
প্রথম আলো: চতুর্থ বছরে মেঘনা ব্যাংক। গত তিন বছরে মেঘনা ব্যাংকের অর্জন কী কী?
নূরুল আমিন: মেঘনা ব্যাংক ৪০০ কোটির বেশি মূলধন নিয়ে যাত্রা করার ফলে শুরু থেকেই ব্যয়বিহীন তহবিল পাওয়া গেছে। সেবার ক্ষেত্রে আমরা পুরোনো ব্যাংকগুলোর মতোই ছড়িয়ে পড়ছি। প্রচলিত সেবার পাশাপাশি স্কুল ব্যাংকিং, এসএমই ঋণের সঙ্গে নারী উদ্যোক্তাদের ঋণ, কৃষিঋণ—সবই আমরা চালু করেছি। আমরা বেশ আগেই ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা চালু করেছি। গত নভেম্বর থেকে শেয়ারবাজারে অংশগ্রহণের জন্য মেঘনা ব্যাংক সিকিউরিটিজ কোম্পানি প্রতিষ্ঠা করেছি। আমাদের চিপভিত্তিক মোবাইল ব্যাংকিং সেবার অনুমোদন রয়েছে। আগামী জুলাইয়ে চালুর লক্ষ্যে কাজ চলছে। ২৬টি শাখা রয়েছে, আরও ১০টি শাখা চলতি বছর খোলা হবে। ফলে দিন দিন মেঘনা ব্যাংকের সেবা বিভিন্নভাবে প্রসারিত হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে একটি মাঝারি আকারের ব্যাংক হিসেবে দাঁড়ানোর লক্ষ্যে মেঘনা ব্যাংক কাজ করছে।
প্রথম আলো: নতুন ব্যাংক অনুমোদনের যৌক্তিকতা নিয়ে অনেক বিতর্ক ছিল। এরপরও দেওয়া হলো। কেমন করছে নতুন ব্যাংকগুলো?
নূরুল আমিন: নতুন ৯ ব্যাংক নিয়ে জনমনে যে শঙ্কা ছিল, তা তিন বছর পর এসে দূর হয়েছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তিন বছরে ব্যাংকগুলো কাজ করেছে, ফলে সেই শঙ্কা দূর হয়ে গেছে। ব্যবসা করে অল্প করে হলেও ডিভিডেন্ড দেওয়ার মতো পর্যায়ে এসেছে। তবে নতুন ব্যাংকের যে সীমাবদ্ধতা ছিল, তা কাটিয়ে উঠতে পেরেছে। প্রথমে একটি শাখা হলেও এখন প্রায় সব ব্যাংকের ২০-২৫টির বেশি শাখা হয়েছে। শহরের শাখার সঙ্গে গ্রামে শাখার বাধ্যবাধকতার ফলে আমরা দ্রুত গ্রামে যেতে পেরেছি। আইনি জটিলতা না থাকায় নির্দেশনা পরিপালন ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের দিক দিয়ে আমরা শুরু থেকেই এগিয়ে আছি। এ কারণে এসব ব্যাংকের বিভিন্ন সূচকে প্রবৃদ্ধি শতভাগেরও বেশি।
প্রথম আলো: কয়েকটি ব্যাংকে এটিএম জালিয়াতি হলো, এরপরই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা। সব মিলিয়ে ব্যাংকের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা তো প্রশ্নের মুখে পড়েছে।
নূরুল আমিন: সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং—এ তিনটির সমন্বয়েই তো ব্যাংকের আইসিটি প্ল্যাটফর্ম গড়ে ওঠে। এরপরই আসে নিরাপত্তা

ব্যবস্থাপনা। এখন এটাই প্রধান আলোচনার বিষয় হয়েছে। ধরা যায় না, ছোঁয়া যায় না, নিরাপত্তার মতো এমন বিষয়ে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদগুলোর অর্থ ব্যয়ে কার্পণ্য ছিল। এর ফলেই তো সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ঘটছে। এখন নিরাপত্তার বিষয়টি সবাই বুঝতে পারছে, আমি মনে করি এটাই সাফল্য। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ খোয়া যাওয়ার ঘটনা যদি সচেতনতা তৈরি করতে পারে, তাহলে সামনের দিনে আমাদের নতুন করে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। এটাই আমাদের বড় শিক্ষা এসব ঘটনা থেকে।
যেকোনো অনলাইন কার্যক্রমের ক্ষেত্রে মেকার, চেকার ও সুপারভাইজার যদি পৃথক তিনজন হন, তাঁরা যদি পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করেন, তাহলে তো কোনো দুর্ঘটনা হওয়ার কথা নয়। আমরা যদি মেকার, চেকারের কাজ একজনকে দিই, সুপারভাইজার না দিই, তাহলে তো দুর্ঘটনা ঘটবেই। এদিকে নজর দেওয়ার সময় এসেছে। এখন সময় এসেছে সব ব্যাংকের দ্রুত আইসিটি নিরাপত্তার স্বাস্থ্যপরীক্ষা করে ফেলা। এরপরই কি দুর্বলতা আছে, তা বুঝে নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
প্রথম আলো: অনিয়ম এখন সরকারি ব্যাংক থেকে বেসরকারি ব্যাংকেও ছড়িয়ে পড়েছে। নতুন ব্যাংকগুলোতেও কিছু কিছু শোনা যাচ্ছে। এত অল্প সময়েই নতুন ব্যাংকে কেন সুশাসনে ঘাটতি দেখা যাচ্ছে?
নূরুল আমিন: যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে ব্যাংকের নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রক সংস্থার সংখ্যা বেশি। যারা তদারক করার তারা করবে। সীমার বাইরে তো একেবারে চলে যাওয়া সম্ভব নয়। তবে এরপরও কোনো কোনো ক্ষেত্রে সুশাসনের ঘাটতি হচ্ছে। বাংলাদেশে বিচার হয় কি না, এসবের ওপর বিবেচনা করেই সুশাসনের বিষয়টি নির্ভর করে।
প্রথম আলো: বর্তমানে ব্যাংক খাতের প্রধান সমস্যা কী?
নূরুল আমিন: পরিচালনগতভাবে অতিরিক্ত তারল্য ও খেলাপি ঋণই এখন প্রধান সমস্যা। তবে আগের তুলনায় ব্যাংকগুলো এখন অনেক আইন পরিপালন করছে, ফলে অন্য সমস্যাগুলো কেটে গেছে।
প্রথম আলো: প্রায় ১৬ হাজার কোটি টাকা ঋণ পুনর্গঠন করা হলো। ব্যাংকগুলো কি এর চাপ নিতে পারছে?
নূরুল আমিন: যেহেতু আইনের আওতায় এসব ঋণ পুনর্গঠন করা হয়েছে, তাই অবৈধ না। তবে নৈতিক না অনৈতিক, এ নিয়ে প্রশ্ন আছে। পুনর্গঠনের ফলে এসব ঋণ নিয়মিত থাকলে, প্রতিষ্ঠানগুলো চললে ভালো। ব্যাংকের জন্য ভালো, দেশের জন্যও ভালো।
প্রথম আলো: বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে কেন?
নূরুল আমিন: সরকারও স্বীকার করে, আমাদের একটা ছায়া অর্থনীতি আছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি, টাকা পাচার হয়ে যাচ্ছে। দেশে বিনিয়োগ চাহিদা না থাকায় হয়তো এমন ধারণা আসে। তবে এখনো কারা পাচার করেছে, কী পরিমাণ করেছে, এর কোনো প্রকৃত তথ্য পাওয়া যায়নি। যদি টাকা পাচার সত্য হয়ে থাকে, তাহলে কেন টাকা পাচার করছে, এর দুর্বলতাগুলো বের করে তা রোধে কাজ করা প্রয়োজন।