নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে স্মারকলিপি
অতিরিক্ত বিদ্যুত্ বিল আদায় বন্ধের দাবি হোসিয়ারি মালিকদের
ঐতিহ্যবাহী হোসিয়ারি শিল্প রক্ষায় পিএফসি (পাওয়ার ফ্যাক্টর কারেন্ট) চার্জ, পিএফআই (পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট) যন্ত্র ক্রয়ের গৃহীত পদক্ষেপ বাতিল, অযৌক্তিকভাবে অতিরিক্ত বিদ্যুত্ চার্জ আদায় বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হোসিয়ারি সমিতি। একই সঙ্গে সমিতি এ শিল্পকে ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতায় এনে বিদ্যুত্ বিল প্রদান এবং বিদ্যুতের মাদার মিটার প্রত্যাহারের দাবি করেছে। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমানের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানিয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি আজহার হোসেন, ইকবাল প্রমুখ। স্মারকলিপিতে বলা হয়, ১৯৫০ সাল থেকে গড়ে ওঠা হোসিয়ারি শিল্প বর্তমানে বস্ত্র খাতের উপখাত হিসেবে চিহ্নিত এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতাভুক্ত। নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া, টানবাজার ও নয়ামাটি এলাকায় ছয় হাজার ক্ষুদ্র হোসিয়ারি কারখানায় লক্ষাধিক শ্রমিক নিয়োজিত রয়েছেন। নারায়ণগঞ্জ তাঁত ও পাটশিল্পের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার পর নানা প্রতিকূলতার মধ্যে হোসিয়ারি শিল্প টিকে আছে। হোসিয়ারি শিল্পের উত্পাদিত পণ্য দেশের সর্বস্তরের মানুষের চাহিদা মিটিয়ে বর্তমানে বিদেশে রপ্তানি করা হচ্ছে। সমিতি জানিয়েছে, বর্তমানে নারায়ণগঞ্জের নয়ামাটি, উকিলপাড়া, দেওভোগ, ২ নম্বর রেলগেট ও বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত বিভিন্ন হোসিয়ারি কারখানায় নারায়ণগঞ্জের ডেসকো কার্যালয় থেকে পিএফসি চার্জ এবং পিএফআই যন্ত্র ক্রয় এবং অতিরিক্ত হারে চার্জ আদায়ের কার্যক্রম চালু করা হয়েছে। এতে স্বল্প পুঁজির হোসিয়ারি কারখানার মালিকেরা দারুণ সংকটে পড়েছেন। বিদ্যুতের ভৌতিক বিল প্রদান করায় হোসিয়ারি শিল্পের মালিকেরা অতিরিক্ত আর্থিক চাপের সম্মুখীন হচ্ছেন।