অতিরিক্ত মার্জিন ঋণ দেওয়ায় এনবিএল সিকিউরিটিজকে জরিমানা
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়ার স্ত্রী রুখসানা আকতারকে অতিরিক্ত মার্জিন ঋণ দেওয়ায় এনবিএল সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। আজ মঙ্গলবার বিএসইসির ৪৯১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০-এর দ্বিতীয় তফসিলের আচরণবিধি ভঙ্গ করে বিনিয়োগকারী রুখসানা আকতারকে অনুমোদিত অনুপাতের অতিরিক্ত মার্জিন ঋণ প্রদান করায় এনবিএল সিকিউরিটিজ লিমিটেডকে এই জরিমানা করা হয়।
বিএসইসি সূত্রে জানা যায়, ২০১০ সালের ১১ এপ্রিল বিএসইসির অফিস আদেশ অনুযায়ী কমিশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজ বা তাঁর স্বামী অথবা স্ত্রী, পিতা বা মাতা, ছেলে বা মেয়ে ও পোষ্যদের নামে প্রাইমারি অথবা সেকেন্ডারি মার্কেটে সিকিউরিটিজ লেনদেন সম্পৃক্ত বা ওই তথ্য প্রকাশে সম্পৃক্ত থাকতে পারবে না। ওই অফিস আদেশটি আনোয়ারুল কবির ভূঁইয়ার স্বাক্ষরেই ইস্যু করা হয়। কিন্তু শেয়ারবাজারে ভয়াবহ ধসের পর আনোয়ারুল কবির ভূঁইয়ার স্ত্রী রুখসানা আকতারের নামে চারটি বিও হিসাব পরিচালনার প্রমাণ পাওয়া যায়।
দেশের পুঁজিবাজারে ২০১০ সালের ভয়াবহ ধসের কারণ অনুসন্ধানে কৃষি ব্যাংকের তত্কালীন চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে আনোয়ারুল কবির ভূঁইয়ার বিরুদ্ধে শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। পরে অধিকতর তদন্তের জন্য তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে কমিশনের গত ৪৮৫তম সভায় আনোয়ারুল কবির ভূঁইয়াকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।