অতিরিক্ত শুল্কারোপে বাধাগ্রস্ত হচ্ছে তুরস্কে পণ্য রপ্তানি
চলতি অর্থবছরের প্রথম আট মাসে তুরস্কে বাংলাদেশের পণ্য রপ্তানি কমেছে। দেশীয় শিল্প রক্ষায় দেশটির সরকার আমদানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় বাংলাদেশি পণ্যের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন এ দেশের রপ্তানিকারকেরা।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম আট মাসে তুরস্কে পণ্য রপ্তানি কমেছে সাত কোটি ২২ লাখ ৬৯ হাজার ডলার। আগের বছরের একই সময়ের রপ্তানির চেয়ে এটি ১৭ শতাংশ কম।এমন অবস্থায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্ক সফরে যাচ্ছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার মধ্যে তুরস্ক কর্তৃক আরোপিত এই শুল্ক নিয়েও আলোচনা হবে।বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্য বেশ কয়েক বছর ধরেই আশাব্যঞ্জক। তা ছাড়া, ২০০৯ সালের নভেম্বরে বাংলাদেশ সফরে এসে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাতে তুরস্কের প্রধানমন্ত্রী রেসিপ তাইয়িপ এরদোগান বলেছিলেন, ২০১৫ সালের মধ্যে দুই দেশের বাণিজ্য ৩০০ কোটি (তিন বিলিয়ন) ডলারে উন্নীত করতে তাঁর দেশ সব ধরনের উদ্যোগ নেবে।বাণিজ্যের চিত্র: দেশের ব্যবসায়ী সমিতিগুলোর শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে পাওয়া পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ১৯৯৯-২০০০ অর্থবছর থেকেই তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে উদ্বৃত্ত চলে আসছে। ২০০১-০২ অর্থবছরে তুরস্কে মাত্র আড়াই কোটি ডলারের পণ্য রপ্তানির বিপরীতে সে দেশ থেকে বাংলাদেশ আমদানি করেছে ৮২ লাখ ডলারের পণ্য। ফলে বাংলাদেশের অনুকূলে বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়ায় এক কোটি ৭৭ লাখ ডলার।২০০৯-১০ অর্থবছরে তুরস্কে রপ্তানির পরিমাণ বেড়ে হয় ৪৭ কোটি ৮১ লাখ ডলার। আর আমদানি হয় আট কোটি ৬৮ লাখ ডলারের পণ্য। উদ্বৃত্ত হয় ৩৯ কোটি ১৩ লাখ ডলার। আর গত অর্থবছরে ৭৭ কোটি ৪৪ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে ১৩ কোটি ৭১ লাখ ডলারের পণ্য। আমদানি ও রপ্তানি দুটোই বৃদ্ধি পাওয়ায় উদ্বৃত্ত বেড়ে দাঁড়ায় ৫৮ কোটি ৭২ লাখ ডলার।পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, প্রতিবছরই তুরস্কে বেড়েছে বাংলাদেশি পণ্যের রপ্তানি। তবে রপ্তানির এই গতি থামিয়ে দিয়েছে তুরস্ক সরকারের আরোপিত অতিরিক্ত শুল্ক।ইপিবির তথ্য অনুযায়ী, চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম আট মাসে অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে তুরস্কে বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে ৩৫ কোটি ২০ লাখ ৬৫ হাজার ডলারের। অন্যদিকে ২০১০-১১ অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৪২ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ডলারের পণ্য। রপ্তানি কমেছে সাত কোটি ২২ লাখ ৬৯ হাজার ডলার।বাংলাদেশ যদিও তুরস্কে পাট ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁচা পাট রপ্তানি করে থাকে। তবে রপ্তানি আয়ের বড় অংশই আসে নিট ও ওভেনসহ তৈরি পোশাক রপ্তানি থেকে।তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, পৃথিবীর যেকোনো দেশই নিজেদের শিল্পকে রক্ষার জন্য সুরক্ষা শুল্ক আরোপ করতে পারে। তুরস্ক সেটাই করেছে। তবে এটা করার আগে আলোচনা করার প্রয়োজন ছিল। এই শুল্ক আরোপের ফলে তৈরি পোশাক রপ্তানি ১৭-১৮ শতাংশ কমে গেছে।বিজিএমইএর সভাপতি বলেন, ‘২০১১ সালে তুরস্কে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরোপিত শুল্ক প্রত্যাহারের অনুরোধ করেছিলেন। কিন্তু সে দেশের সরকার তাতে রাজি হয়নি।’ তবে প্রধানমন্ত্রীর আসন্ন সফরে আবারও এই শুল্ক প্রত্যাহারে আলোচনা হবে বলে জানান তিনি।সুরক্ষা নয়, অতিরিক্ত শুল্ক: বাংলাদেশ ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে, তুরস্ক প্রাথমিকভাবে নিজেদের শিল্প রক্ষায় রপ্তানিকারী দেশগুলোর জন্য সুরক্ষা শুল্ক আরোপের চিন্তা করেছিল। সে অনুযায়ী কার্যক্রমও শুরু করেছিল। কিন্তু মাঝপথে এসে তারা সেই চিন্তা থেকে সরে আসে। কারণ, সুরক্ষা শুল্ক বসালে তা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) লঙ্ঘন হতো। তাই ২০১১ সালে তাদের কাস্টমস অ্যাক্টের আওতায় বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য ১৭ শতাংশ হারে অতিরিক্ত শুল্কারোপ করা হয়।ট্যারিফ কমিশনের বাণিজ্য প্রতিবিধান বিভাগের সহকারী প্রধান মো. মামুন-উর-রশীদ আশকারি প্রথম আলোকে বলেন, ‘এই শুল্ক আরোপের পর আমরা তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা করেছি। শুনানিতে অংশ নিয়েছি। তারা নিজেদের আইন অনুযায়ী অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। সুরক্ষা শুল্ক আরোপ করলে তা ডব্লিউটিওর লঙ্ঘন হতো। তখন এর প্রতিকারের জন্য আমরা ডব্লিউটিওতে যেতে পারতাম।’কমিশনের এই সহকারী প্রধান বলেন, ইউরোপের বাজারে তুরস্কের বড় প্রতিযোগী হচ্ছে চীন, বাংলাদেশ নয়। সেদিক থেকে সরকারের উচ্চপর্যায়ে ফলপ্রসূ আলোচনা হলে শুল্ক প্রত্যাহারও হতে পারে।