অদূরদর্শী ব্যবস্থাপনার চাপে অর্থনীতি
’এবারেরটিসহ আমার বাজেট হবে সাতটি। মনে হয় না, অন্য কোনো বাজেট দেওয়ার সময় এবারের মতো এত কঠিন বিভ্রান্তির মধ্যে পড়েছি’ (প্রথম আলো, ১৭ মে ২০১৩)।২০১৩-১৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরুর আগে সংগত কারণেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এই উপলব্ধি। সাম্প্রতিককালে অদূরদর্শী অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সৃজনশীল নীতির অভাবে বাংলাদেশের ক্রমবর্ধিষষ্ণু অর্থনীতি চ্যালেঞ্জের সম্মুখীন। এর সঙ্গে যোগ হয়েছে শাসকগোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে তদারকি ব্যবস্থা ও রাজনৈতিক অস্থিরতা। নির্বাচন বছরের রাজনৈতিক বিবেচনায় অর্থনৈতিক সুবিধা বণ্টনও ক্রিয়াশীল। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২০ শতাংশ ধরা হয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক প্রাক্কলন অনুসারে ৬ দশমিক ০৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। এই নিয়ে পর পর দুই বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আগের বছরের চেয়ে কম হতে দেখা যাবে। এই দশকের গড় প্রবৃদ্ধি ৬ দশমিক ১৩ শতাংশের তুলনায় প্রাক্কলিত প্রবৃদ্ধি কম। প্রবৃদ্ধি বহুলাংশে বিনিয়োগের ওপর নির্ভর করে। অথচ বিনিয়োগ সন্তোষজনক হারে বাড়ছে না। অন্যদিকে বাজেট ঘাটতি বাড়ছে। উচ্চ মূল্যস্ফীতি, আমানত ও সুদের হারের মধ্যে অধিক ব্যবধান, ঋণপ্রবাহের মন্থর গতি এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ধীরগতি মুদ্রা ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ তৈরি করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং সরকারি বাণিজ্যিক ব্যাংকের আমানত ও ঋণের সুদের হারের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আর্থিক উদারতা নীতির অকার্যকারিতাই নির্দেশ করে। এর সঙ্গে ব্যাংকিং খাতে অনাদায়ী ঋণ বেড়ে যাওয়া, নিয়মনীতি প্রতিপালনে দায়সারাভাব এবং পুঁজিবাজারে আস্থার অভাবে পুনরুদ্ধারপ্রাপ্তির জটিলতা যুক্ত হয়েছে।সাম্প্রতিক পোশাক কারখানার ভবনধস ও সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনা দেশের শীর্ষ রপ্তানি খাত তথা তৈরি পোশাকশিল্পকে নতুন করে চাপের মুখে ফেলেছে। আবার মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে গেছে। অথচ দেশের ভবিষ্যৎ উৎপাদন মূলধনি যন্ত্রপাতি আমদানির ওপরই অনেকাংশে নির্ভর করে। আবার জিডিপিতে কৃষি খাতের অবদান ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে। অন্যদিকে, শিল্প খাতের প্রবৃদ্ধিতে সাম্প্রতিক বছরগুলোতে তুলনামূলক শ্লথগতি লক্ষ্য করা যায়। অবকাঠামোগত দুর্বলতা বিনিয়োগ ও প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। যেমন, বিদ্যুৎ খাতে স্থাপিত উৎপাদন ক্ষমতা ও সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য ২০১০-১১ অর্থবছরের ২৩৭৪ মেগাওয়াট থেকে বেড়ে ২০১২-১৩ অর্থবছরে ২৫৫৯ মেগাওয়াটে এসে দাঁড়িয়েছে। গ্যাসের মোট উৎপাদন একই সময়ে ৭০৮.৯০ বিলিয়ন কিউবিক ফুট থেকে ৩৬১.৯০ বিলিয়ন কিউবিক ফুটে হ্রাস পেয়েছে।শ্রমবাজারে আনুষ্ঠানিক খাত দীর্ঘদিন ধরেই সংকুচিত হচ্ছে। মোট শ্রমশক্তি ২০০২-০৩ ও ২০১০ সালের মধ্যে ২৩.০৯ শতাংশ বেড়েছে। অথচ একই সময়ে আনুষ্ঠানিক খাতে শ্রমিকের সংখ্যা ২৬.০৯ শতাংশ কমেছে। আনুষ্ঠানিক শ্রমবাজার সংকুচিত হওয়ায় বেকারত্ব ও ছদ্মবেকারত্বের প্রকটতা বৃদ্ধি পেয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকার নির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারি অর্থ বরাদ্দ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধির হার ২০১১-১২ অর্থবছরের ৯.৯৮ শতাংশ থেকে কমে ২০১২-১৩ অর্থবছরে ৬.৭৬ শতাংশে দাঁড়িয়েছে। একইভাবে স্বাস্থ্য খাতেও ব্যয় বৃদ্ধির হার কমেছে। বাংলাদেশ এখনো প্রতি তিনজন মানুষের মাঝে একজন তথাকথিত দারিদ্র্যসীমার নিচে বাস করছে। আয়-বৈষম্য দিন দিন বেড়ে চলছে। সর্বোপরি নীতিনির্ধারণের ক্ষেত্রে একদিকে পরনির্ভরশীলতা এবং অন্যদিক স্বতন্ত্র-সৃজনশীলতার অভাব পরিলক্ষিত হচ্ছে। বিশেষত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে তিন বছরের সংস্কার কর্মসূচিকালে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের মাত্রা হ্রাস পেতে দেখা গেছে। একই সময়ে দেশীয় উৎপাদনের নিম্নমুখী গতি লক্ষ্য করা যাচ্ছে।এ পরিস্থিতি থেকে উত্তরণ সহজ নয়। দ্রুত অর্থনীতি পুনরুদ্ধারের জন্য জরুরি ভিত্তিতে ও বিচক্ষণতার সঙ্গে সৃজনশীল কিন্তু প্রাসঙ্গিক নীতি গ্রহণ করা প্রয়োজন। বিনিয়োগের হার বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি বিনিয়োগের মধ্যে ভারসাম্য আনা এবং সম্প্রসারণমূলক রাজস্ব ও মুদ্রানীতি গ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে ঋণপ্রবাহ বাড়লেও সঠিকভাবে উৎপাদনশীল খাতে ব্যয় হলে মূল্যস্ফীতির সম্ভাবনা কম থাকবে। আবার রাজস্ব ভারসাম্য উন্নয়নের ক্ষেত্রে রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই। কর ব্যবস্থার পুনর্গঠন করলে রাজস্ব আয় বৃদ্ধিতে যেমন সহায়ক হবে, একই সঙ্গে ধনী ও গরিবের মধ্যে বিদ্যমান বৈষম্য কমাতেও সাহায্য করবে। বেকার সমস্যা সমাধানে বেসরকারি বিনিয়োগের পাশাপাশি সরকারের দক্ষ শ্রমবাজার তৈরিতে বিভিন্ন গ্যারান্টেড স্কিমের আওতায় শ্রমিকের দক্ষতা বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান তৈরিতে সচেষ্ট হওয়া দরকার। শক্তিশালী কৃষি খাত ছাড়া ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানো দুষ্কর। এ জন্য কৃষি খাত উন্নয়নে ভূমির উর্বরতা হ্রাস, ভূগর্ভস্থ পানির ব্যবহার বৃদ্ধি, অধিক হারে সারের ব্যবহার বৃদ্ধিসহ অন্যান্য নেতিবাচক দিকগুলো মোকাবিলায় সচেষ্ট হতে হবে। যেহেতু জনমিতিক কারণে দেশে কৃষি জমির খণ্ডিতকরণ অব্যাহত রয়েছে, তাই ভূমি পুনর্বন্টন ও সমবায় প্রতিষ্ঠা জরুরি হয়ে দাঁড়িয়েছে। শিল্প খাতের উন্নতির স্বার্থে ক্ষুদ্র, শিশু ও গ্রামীণ শিল্প বিকাশে কর অবকাশসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি দরকার। একই সঙ্গে শিল্প খাতে পণ্যের বৈচিত্র্য আনা এবং দেশের ভেতরে ও বাইরে শিল্পপণ্যের নতুন বাজার সৃষ্টি প্রয়োজন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে বাজেটে এ দুটি খাতের জন্য বরাদ্দ বাড়ানো দরকার। একইভাবে অবকাঠামো উন্নয়নেও বেশি সরকারি বিনিয়োগ প্রয়োজন। অবকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব কার্যকর করতে সরকারকে আরও উদ্যোগী হতে হবে।সর্বোপরি, যেকোনো অর্থনৈতিক নীতি গ্রহণের আগে নীতিনির্ধারকদের পরিস্থিতি ও প্রকৃতি অনুধাবন জরুরি। বাইরের কোনো চুক্তি করার আগেই সরকারকে চুক্তির শর্তগুলো খতিয়ে দেখতে হবে, যেন দেশের নীতিনির্ধারণের সার্বভৌমত্ব ক্ষুণ্ন না হয়। যদি নীতিনির্ধারণের ক্ষেত্রে সুবিধাবাদী নীতি ও অসতর্কতার ধারা অব্যাহত থাকে, তবে আগামী বছরগুলোতে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ব্যাহত হবে।লেখক: চেয়ারপারসন, উন্নয়ন অন্বেষণ। [email protected]