অধিক প্রিমিয়ামের আইপিও বাতিলের দাবিতে স্মারকলিপি
অধিক হারে প্রিমিয়ামসহ অনুমোদন দেওয়া কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম নামের বিনিয়োগকারীদের একটি সংগঠন। আজ রোববার এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনকে এই স্মারকলিপি দেওয়া হয়।সংগঠনটির সভাপতি মো. আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক কালের ভয়াবহ ধসের রেশ এখনো দেশের পুঁজিবাজার কাটিয়ে উঠতে পারেনি। এ অবস্থায় বেশি প্রিমিয়াম নিয়ে আইপিওর অনুমোদন বাজারের জন্য নেতিবাচক ফল বয়ে আনবে। এরই আলোকে ইনভেস্টরস ফোরামের পক্ষ থেকে সম্প্রতি অনুমোদন দেওয়া কয়েকটি কোম্পানির আইপিও বাতিলের আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।এর আগে গত বুধবার প্রিমিয়ামসহ অনুমোদন দেওয়া আইপিও বাতিলের দাবিতে এসইসির চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ নামের বিনিয়োগকারীদের আরেকটি সংগঠন।