অধিকতর শেয়ার ছাড়ার অনুমতি পেল তালিকাভুক্ত দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানিকে অধিকতর শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এর মধ্যে ব্যাংকিং খাতের কোম্পানি ব্যাংক এশিয়া রাইট এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) পুনঃপ্রাথমিক গণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে মোট ৪১৮ কোটি ৭৯ লাখ টাকা সংগ্রহ করবে।গতকাল মঙ্গলবার কমিশনের সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এসব সিদ্ধান্তের কথা জানান। সাইফুর রহমান জানান, ব্যাংক এশিয়া ১০০ টাকা অভিহিত মূল্যে নতুন করে বাজারে এক কোটি পাঁচ লাখ নয় হাজার ৫৮১টি রাইট শেয়ার ছেড়ে ১০৫ কোটি নয় লাখ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত এই টাকা ব্যাংকটি মূলধন হিসেবে ব্যবহার করবে। কোম্পানিটি বিদ্যমান চারটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার বরাদ্দ দেবে।অন্যদিকে আরপিওর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসি বাজারে ৬২ লাখ ৭৪ হাজার নতুন শেয়ার ছাড়বে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজার থেকে ৩১৩ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। ১০০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৪০০ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের প্রস্তাবিত দাম ঠিক করা হয়েছে ৫০০ টাকা। সংগৃহীত টাকায় প্রতিষ্ঠানটি মালবাহী দুটি নতুন জাহাজ কিনবে।জানা গেছে, প্রথমে আরপিওতে বিএসসির প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয় এক হাজার টাকা। পরে তা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।