অধিকাংশ কারখানা সংস্কারে পিছিয়ে
>ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার অধীনে থাকা ৭৪৫ তৈরি পোশাক কারখানার মধ্যে ৫২৭ কারখানা ৩০ শতাংশের বেশি সংস্কারকাজ শেষ করতে পারেনি।
প্রাথমিক পরিদর্শনের পর ৩৬ মাস পার হয়ে গেছে। তবু সংস্কারকাজে অগ্রগতি হয়নি। এখনো জাতীয় উদ্যোগে গঠিত ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার (এনটিএপি) অধীনের ৭৪৫ তৈরি পোশাক কারখানার মধ্যে অধিকাংশই সংস্কারকাজে বেশ পিছিয়ে। ২১৮টি কারখানার সংস্কারকাজ ৫০ শতাংশের বেশি শেষ হলেও বাকি ৫২৭ কারখানার সংস্কারকাজ ৩০ শতাংশের বেশি নয়।
খোঁজ নিয়ে জানা যায়, এনটিএপি অধীনের কারখানাগুলোর বৈদ্যুতিক ত্রুটির মাত্র ৩৯ শতাংশ এবং অগ্নিসংক্রান্ত ত্রুটির মাত্র ৩১ শতাংশ সংস্কারকাজ শেষ হয়েছে। তা ছাড়া ১৫৭টি কারখানা বিস্তারিত প্রকৌশল (ডিইএ) মূল্যায়ন জমা দিয়েছে।
এদিকে সংস্কারকাজে পিছিয়ে থাকা কারখানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। এনটিএপির অধীনের দুই শতাধিক কারখানার অগ্রগতি ২০ শতাংশের কম। তাই এসব কারখানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চেয়েছিল ডিআইএফই। সেই দুই শতাধিক কারখানার মধ্যে ১৩১টি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য। তবে এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সায় দেয়নি বিজিএমইএ নেতারা। তাঁরা জানুয়ারিতে আলাপ–আলোচনা করে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন। পরে পিছিয়ে যায় ডিআইএফইর কর্মকর্তারা।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে পাঁচ বছরের জন্য ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ও উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স গঠিত হয়। অ্যাকর্ডের অধীনে প্রায় ১ হাজার ৬০০ কারখানার পরিদর্শন হয়েছে। ইতিমধ্যে কারখানাগুলো অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত ত্রুটির ৯০ শতাংশ সংশোধন করেছে। আর অ্যালায়েন্সের অধীনে থাকা ৬৫৪ কারখানার সংস্কারকাজ শেষ হয়েছে ৯৪ শতাংশ। জোটের ৪৫০ কারখানার সব সংস্কারকাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
অন্যদিকে ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার অধীনে প্রাথমিকভাবে ১ হাজার ৫৪৯ পোশাক কারখানার পরিদর্শন ২০১৫ সালের নভেম্বরে শেষ করে ডিআইএফই। এসব কারখানার কোনোটিই শতভাগ ত্রুটিমুক্ত নয়। কমবেশি সব কারখানাতেই নিরাপত্তাঝুঁকি রয়েছে। তবে গত তিন বছরে ৫৩১ কারখানা বন্ধ হয়েছে। অ্যাকর্ড-অ্যালায়েন্সের অধীনে ১২৯টি। অন্যত্র স্থানান্তরিত হয়েছে ৬৮ কারখানা। বর্তমানে এনটিএপির অধীনে কারখানা আছে ৭৪৫টি। এসব কারখানার সংস্কারকাজ তদারকি করার জন্য আইএলওর নেতৃত্বে আরসিসি গঠন করা হয়েছে।
জানতে চাইলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভূঁইয়া গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, পোশাক কারখানা মালিকদের গাফিলতির কারণেই ত্রুটি সংস্কারকাজে অগ্রগতি বেশ কম হয়েছে। বহুবার তাগাদা দিয়েও কাজ করানো যাচ্ছে না। এরপরও যে হারে অগ্রগতি হচ্ছিল, তা–ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে কিছুটা শ্লথ হয়ে পড়েছে।
সামছুজ্জামান ভূঁইয়া আরও বলেন, সংস্কারকাজে যারা বেশি পিছিয়ে থাকবে কিংবা সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে পারবে না, তাদের বিষয়ে জানুয়ারি মাসে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।