অধিকাংশ পোশাকশ্রমিক বোনাস পেলেও বেতন পাননি অর্ধেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ঘোষিত সময়সীমা পার হয়েছে গত রোববার। তারপর কেটে গেছে তিন দিন। অবশ্য শেষ পর্যন্ত অধিকাংশ তৈরি পোশাক কারখানার মালিক-শ্রমিকদের বোনাস দিলেও চলতি মাসের ১৫ দিনের বেতন দেননি অর্ধেক মালিক। আবার যাঁরা বোনাস দিয়েছেন, তাঁদের বেশির ভাগই মূল বেতনের সমপরিমাণ দেননি।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, একাধিক শ্রমিক সংগঠন, শিল্প পুলিশ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। যদিও কোনো পক্ষই নির্দিষ্ট করে পরিসংখ্যান দিতে পারেনি। তবে তাদের দেওয়া তথ্যানুযায়ী, কমবেশি ৮৫ শতাংশ পোশাক কারখানা গতকাল বুধবার পর্যন্ত ঈদ বোনাস দিয়েছে, ১৫ শতাংশের মতো কারখানা দেয়নি। আর চলতি মাসের ১৫ দিনের বেতন দিয়েছে ৫০ শতাংশ কারখানা।
সারা দেশে সব মিলিয়ে বর্তমানে সাড়ে তিন হাজারের বেশি পোশাক কারখানা আছে।
এদিকে বেতন-বোনাস না পাওয়ায় শ্রমিক অসন্তোষের খবরও পাওয়া গেছে। ঢাকার আশুলিয়ার জিরানী এলাকার টেন স্টার অ্যাপারেলসের শ্রমিকেরা গত আগস্ট মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পাননি। দাবি আদায়ে গতকাল সকালে তাঁরা তৃতীয় দিনের মতো আশুলিয়া প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। পরে কারখানার সামনে অবস্থান নিতে গিয়েও শ্রমিকেরা ব্যর্থ হন।
ঢাকার মিরপুরে সাকিব গার্মেন্টসের শ্রমিকেরা গত মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকাল কারখানার ভেতরে মালিককে আটক করে রাখেন। একই কারণে রাজধানীর বাড্ডা এলাকার রিন গার্মেন্টসেও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।
সচিবালয়ে গত সপ্তাহে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে এক সভায় ২০ সেপ্টেম্বরের মধ্যে বোনাস ও ঈদের ছুটির আগে চলতি মাসের ১৫ দিনের বেতন দেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয় মালিকদের। তখন শ্রম প্রতিমন্ত্রী বলেছিলেন, মালিকেরা এই সময়সীমায় রাজি হয়েছেন।
অবশ্য বিজিএমইএ দাবি করেছে, দু-একটি কারখানা ছাড়া বেতন-ভাতা নিয়ে এবার তেমন সমস্যা নেই। ১ হাজার ২২৭টি কারখানা পর্যবেক্ষণের একটি হিসাব দিয়ে সংগঠনটি বলেছে, এসব কারখানা ঈদ বোনাস দিয়েছে। আর চলতি মাসের ১৫ দিনের বেতন দিয়েছে ৯৫৮ কারখানা। তার মানে ৭৮ শতাংশ কারখানার শ্রমিকেরা বেতন পেয়েছেন। পাননি ২২ শতাংশ কারখানার শ্রমিকেরা।
বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মিরপুরের সাকিব গার্মেন্টস ছাড়া বড় কোন জটিলতা নেই। আর সাকিবের সমস্যা সমাধানে বিজিএমইএর কর্মকর্তারা কারখানার ভেতরে আছেন। রাতের মধ্যে বিষয়টির মীমাংসা হয়ে যাবে। তবে টেন স্টার ও রিন গার্মেন্টসের বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
বিজিএমইএ সহসভাপতির দাবি প্রত্যাখ্যান করেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। তিনি দাবি করেন, সর্বোচ্চ ৮৫ শতাংশ কারখানা বোনাস দিয়েছে। আর মাত্র ৫০ শতাংশ কারখানা চলতি মাসের ১৫ দিনের বেতন দিয়েছে। অবশ্য ৯৯ শতাংশ কারখানাই গত আগস্ট মাসের বেতন দিয়েছে।
চট্টগ্রামে ৬২০টি পোশাক কারখানা আছে। এর মধ্যে গতকাল পর্যন্ত ৫২৬টি কারখানার শ্রমিকদের ঈদ বোনাস দিয়েছে। আর চলতি মাসের ১৫ দিনের বেতন দিয়েছে ২৯০টি কারখানা। অর্থাৎ ৮৪ শতাংশ পোশাক কারখানা বোনাস আর ৪৭ শতাংশ কারখানা বেতন দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গত রাতে শিল্প পুলিশের সহকারী পরিচালক সোহেল রানা প্রথম আলোকে বলেন, কালুরঘাট বিসিক শিল্প এলাকার চয়েজ গার্মেন্টস ও দেওয়ানহাটের জুলেখা গার্মেন্টসের শ্রমিকেরা গত আগস্ট মাসের বেতন পাননি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
অন্যদিকে গাজীপুরে ১০-১২টি কারাখানার শ্রমিকেরা গতকাল পর্যন্ত ভাতা বুঝে পাননি। আর নারায়ণগঞ্জ জেলার ৮৪৪টি পোশাক কারখানার মধ্যে ৯০ শতাংশ ভাতা পরিশোধ করেছে। এই তথ্য দিয়ে শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান বলেন, যারা দেয়নি তারা আমাদের আশ্বস্ত করেছে, আজ (গতকাল) রাতের মধ্যেই শ্রমিকদের পাওনা পরিশোধ করবে।
এদিকে ছোট ও মাঝারি অনেক কারখানা শ্রমিকদের বোনাস হিসেবে মাত্র ৫০০ ও ১০০০ টাকা করে দিয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। তিনি বলেন, আশুলিয়া ও গাজীপুরের হাজার খানেক কারখানা বোনাস হিসেবে মূল বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছে। বাকিরা মূল বেতনের ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত অর্থ দিয়েছে। এ জন্য শ্রম বিধিমালার অস্পষ্টতাকেই দায়ী করলেন এই শ্রমিক নেতা।
এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘উৎসব ভাতা সব সময়ই মূল বেতনের সমপরিমাণ হওয়া উচিত। শ্রম বিধিমালা গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। আশা করি, আগামী বছর থেকে এ বিষয়ে কোনো সমস্যা হবে না।’
(প্রতিবেদনটি তৈরি করতে সহায়তা করেছেন প্রথম আলোর চট্টগ্রাম ও সাভারের নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ও গাজীপুর প্রতিনিধি)