দেশের অধিকাংশ ব্যাংক নিজেদের সাইবার নিরাপত্তা নিয়ে নিশ্চিত নয়। ৫২ শতাংশ ব্যাংক মনে করছে, তারা সাইবার আক্রমণের শিকার হওয়ার উচ্চ ঝুঁকিতে আছে। আর ৩২ শতাংশ ব্যাংক এ ক্ষেত্রে মাঝারি ঝুঁকিতে থাকার কথা জানিয়েছে। এর বিপরীতে মাত্র ১৬ শতাংশ ব্যাংক সাইবার নিরাপত্তা নিয়ে কম ঝুঁকিতে আছে বলে মনে করছে।
ব্যাংক খাতের সাইবার নিরাপত্তা নিয়ে এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায়। রাজধানীর মিরপুরে গতকাল মঙ্গলবার বিআইবিএম মিলনায়তনে গবেষণাটির বিভিন্ন দিক তুলে ধরতে একটি সেমিনারের আয়োজন করা হয়। তাতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম। আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান নাজডাক টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজ আহমেদ।
মাহবুবুর রহমান আলমের প্রবন্ধ উপস্থাপনায় বলা হয়, ব্যাংক খাতের সাইবার নিরাপত্তা সম্পর্কে অর্ধেকের বেশি ব্যাংক কর্মীর সচেতনতার অভাব রয়েছে। এ বিষয়ে ২৮ শতাংশ কর্মীর জ্ঞান খুবই কম, আর ২২ শতাংশ কর্মীর জ্ঞান কম। সাইবার নিরাপত্তা সম্পর্কে সামান্য ধারণা থাকার কথা জানিয়েছেন ২০ শতাংশ কর্মী। বাকি ৩০ শতাংশ কর্মীর জ্ঞান এ ক্ষেত্রে ভালো থেকে উচ্চ পর্যায়ের।
গবেষণার প্রাথমিক তথ্য-উপাত্ত ২১টি ব্যাংকের ওপর সমীক্ষা চালিয়ে সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ১৪টি, ৩টি করে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিদেশি ব্যাংক, আর একটি বিশেষায়িত ব্যাংক রয়েছে।
সাইবার নিরাপত্তা বিষয়ে ব্যাংকের গ্রাহকদের জানাশোনা নিয়েও জরিপ চালিয়েছে বিআইবিএম। এতে দেখা গেছে, ৫৪ শতাংশ গ্রাহকের সাইবার নিরাপত্তা সম্পর্কে কোনো ধারণা নেই। বাকি ৪৬ শতাংশ গ্রাহকের এ বিষয়ে মধ্যম থেকে উচ্চ মানের জ্ঞান রয়েছে।