অধিকাংশ শ্রমিক বেতন-ভাতা পেয়েছে

অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকেরা জুন মাসের বেতন ও ঈদ বোনাস বা উৎসব ভাতা পেয়েছেন বলে দাবি করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তাদের বক্তব্য, সংগঠনের সদস্য ৯৯ শতাংশ কারখানা বেতন ও ৯৫ শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেছে।
অবশ্য একাধিক শ্রমিক সংগঠনের নেতারা বলেছেন, সাব-কন্ট্রাক্টিং বা ঠিকা কাজ করে—এমন পোশাক কারখানাগুলো জুন মাসের বেতন আংশিক দিলেও বোনাস দেয়নি। সেই সংখ্যা ৩৫০-এর বেশি হবে। এ জন্য অবশ্য বিজিএমইএ ও সরকারের ঢিলেঢালা তদারকি, মালিকদের গাফিলতির পাশাপাশি আইনে বোনাস বিষয়ে সুনির্দিষ্ট কিছু না থাকাকেই দায়ী করেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রমিকদের বোনাস দেওয়া নিয়ে বৈষম্য হচ্ছে। কারখানাভেদে মূল বেতনের ১০, ২০, ২৫ ও ৫০ শতাংশ দেওয়া হচ্ছে। শ্রম আইনের বিধিতে উৎসব ভাতা দেওয়ার বিষয়টি সুস্পষ্ট করে উল্লেখ করা উচিত। তাহলেই এ ক্ষেত্রে শ্রমিক ঠকানো বন্ধ হতে পারে।
এদিকে সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনসের শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল পঞ্চম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। অবশ্য শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে কোনো আশ্বাস মেলেনি। তার মানে ওই দুই কারখানার ১ হাজার ৩০০ শ্রমিকের অনেকেই ঈদখুশি থেকে বঞ্চিত হবেন।
ঈদ সামনে রেখে বেতন-ভাতা পরিশোধের সর্বশেষ তথ্য জানাতে নিজেদের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান, শহিদউল্লাহ আজিম, রিয়াজ-বিন-মাহমুদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের আগে বেতন-ভাতা পরিশোধ নিয়ে ঝামেলা হতে পারে—এমন দেড় হাজার কারখানা নজরদারির মধ্যে রাখা হয়। এর মধ্যে ১ হাজার ৪৮৯টি কারখানা পরিদর্শন করে দেখা গেছে, দুটি কারখানা বেতন দিতে পারেনি। ভাতা পরিশোধ করতে পারেনি ছয়টি কারখানা। আর চলতি জুলাই মাসের আংশিক বেতন পরিশোধ করেছে ৩১৫ কারখানা।
আতিকুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে বিভিন্ন ইস্যুতে ওই দেড় হাজার কারখানার মধ্যে ৩৫টিতে সমস্যা হলেও সমাধান করা হয়েছে। এ ছাড়া আমাদের জানামতে, ঢাকার গার্মেক্স ও চট্টগ্রামের গীতানোতে বেতন-ভাতা নিয়ে সমস্যা আছে।’ তিনি জানান, বিজিএমইএর সদস্য ৯৯ শতাংশ কারখানা বেতন ও ৯৫ শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেছে। আর ৬৭ শতাংশ কারখানা চলতি মাসের ৭ থেকে ১০ দিনের বেতন দিয়েছে। সোয়ান ছাড়া চারটি কারখানার বেতন-ভাতা পরিশোধ প্রক্রিয়াধীন আছে।
অবশ্য শিল্প পুলিশ সূত্র জানায়, আশুলিয়া ও সাভারে নয়টি, গাজীপুরে ছয়, নারায়ণগঞ্জে ১৫ ও চট্টগ্রামের ১০টি কারখানার বেতন-ভাতা পরিশোধ গতকাল বিকেল পর্যন্ত প্রক্রিয়াধীন ছিল। তবে ঢাকা মহানগরের কারখানাগুলোর পরিস্থিতি শিল্প পুলিশ পর্যবেক্ষণ করে না।
গত রাত পৌনে আটটার দিকে শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম বলেন, ‘মোটামুটি সব কারখানাই বেতন-ভাতা দিয়েছে। তবে নারায়ণগঞ্জের শিকদার ফেব্রিকস দেয়নি। শ্রমিকেরা কারখানায় বসে আছে। মালিকপক্ষ বলছে, তারা দেবে।’
ঈদের আগে পোশাকশ্রমিকেরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, সে জন্য মালিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার কথা বলেছিল সরকার। সেটি জানিয়ে বিজিএমইএর সভাপতি বলেন, মঙ্গলবার ৯, বুধবার ১৮ ও গতকাল বৃহস্পতিবার ৬৭ শতাংশ পোশাকশ্রমিক বাড়িতে গেছেন। আজ শুক্রবার ৪ শতাংশ শ্রমিক বাড়ি যাবেন বলেও জানান তিনি।
সোয়ানের শ্রমিকেরা ঈদের খুশিবঞ্চিত: সোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিং ইউন হন মারা যাওয়ায় মালিকানা নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। চীনা এই নাগরিকের দুই স্ত্রী ও তিন কন্যাসন্তান আছে। তাই সম্পত্তির মালিকানা বুঝে পেতে দুই স্ত্রীই আদালতে মামলা করেছেন। সোয়ান গ্রুপের কাছে ইসলামী ব্যাংক ৪১ কোটি ৫২ লাখ টাকা পাবে।
এসব তথ্য দিয়ে বিজিএমইএর সভাপতি বলেন, সব মিলিয়ে আদালতের সিদ্ধান্ত ছাড়া কোনো সমাধান হচ্ছে না। পুরো বিষয়টি সমাধান করতে সরকারের উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ করছে। তিনি আরও বলেন, গত এপ্রিল মাস থেকে সোয়ানের কারখানায় কোনো কাজ ছিল না। শ্রমিকেরাও কাজ করেননি।
সোয়ান গার্মেন্টসের শ্রমিকেরা গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করছেন। জানতে চাইলে সংগঠনটির কার্যকরী সভাপতি সাদেকুর রহমান বলেন, গত এপ্রিল থেকেই শ্রমিকেরা আন্দোলন করছেন। সম্প্রতি মালিকপক্ষ পেছনের তারিখ দেখিয়ে কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দিয়েছে। এটি বেআইনি। তাই শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আন্দোলন চালিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।