অধিকারমূলক শেয়ার ছাড়বে ফাস ফিন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট অধিকারমূলক (রাইট) শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। কোম্পানিটি তাদের বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার বাজারে ছাড়বে। গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএসইসি বলছে, ফাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ১০ টাকা অভিহিত মূল্যে (ফেসভ্যালু) পাঁচ কোটি ৪২ লাখের বেশি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৪ কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করবে। কোম্পানিটির রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ কনসালট্যান্টস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারস। এ ছাড়া শেয়ারের বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে বিএসইসির নির্দেশনা ভঙ্গ করায় ছয়টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো: গ্লোব সিকিউরিটিজ, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট, ফিডেলিটি অ্যাসেট অ্যান্ড সিকিউরিটিজ কোম্পানি, মোনা ফিন্যান্সিয়াল কনসালট্যান্টস অ্যান্ড সিকিউরিটিজ ও সালতা ক্যাপিটাল। এসব প্রতিষ্ঠানের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। বিএসইসি বলেছে, এসব প্রতিষ্ঠান ঋণ অযোগ্য শেয়ারে ঋণ দিয়ে নির্দেশনা ভঙ্গ করেছে। বিএসইসির গতকালের সভায় প্রাতিষ্ঠানিক সুশাসন নির্দেশনা বা করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন পরিপালনে ব্যর্থতার দায়ে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইনস্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও আইডিএলসি ফিন্যান্সকে সতর্কপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়। সে সঙ্গে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় নিজাম উদ্দিন নামের এক বিনিয়োগকারীকেও সতর্কপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।