অধিগ্রহণের বিষয় সম্পূর্ণ 'বাজে' কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে অধিগ্রহণ করে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জেপি মর্গ্যান অথবা অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড (এএনজেড) ব্যাংক। স্পেনের সানতানদেরও পিছিয়ে নেই সম্ভাব্য ক্রেতার তালিকায়। আবার যুক্তরাজ্যের বার্কলেস ব্যাংকের নামটিও উঠে এসেছে।
কিছুদিন ধরে এই ‘বিক্রি হয়ে যাওয়ার’ কথাবার্তা বিশ্ব আর্থিক বাজারে ভেসে বেড়াচ্ছে। তবে এটাকে নেহাতই ‘বাজে’ কথা বলে আনুষ্ঠানিকভাবে গতকাল বৃহস্পতিবার নাকচ করে দিলেন ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার স্যান্ডস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে গিয়ে রয়টার্স টেলিভিশনকে তিনি বলেন, ‘এগুলো সব কল্পিত বাজে কথা। ব্যাংকের অবস্থা খুব ভালো আছে। আমাদের অনেক সুযোগও আছে। আছে পরিষ্কার কৌশল ও ভালো দল।’
উল্লেখ্য, স্ট্যানচার্ট ৩০ বছর ধরে বিভিন্ন সময়েই ‘বিক্রি হয়ে যাওয়ার’ আলোচনার মধ্যে উঠে আসে। সেই ধারাবাহিতায় সাম্প্রতিক সময়ে আবারও এই আলোচনা দেখা দেয়।
বিশেষ করে দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এই মাসেই ব্যাংক ছেড়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় বিক্রি হয়ে যাওয়ার আলোচনাটি জোরালো হয়ে ওঠে। আবার এএনজেড গত সপ্তাহে প্রকাশিত তাদের এক গবেষণা প্রতিবেদনে স্ট্যানচার্ট কিনে নিলে তাদের কোনো লাভ হবে কি না, এ রকম একটি বিষয় রেখেছে।
সূত্র: রয়টার্স