অধিমূল্যে প্লেসমেন্টের শেয়ার বিক্রি করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিমূল্যে (প্রিমিয়াম) প্লেসমেন্টে শেয়ার বিক্রি না করার জন্য সতর্কতা উচ্চারণ করলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদিত প্রতিনিধি সম্মেলনে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে এম খায়রুল হোসেন এ কথা বলেন।ঢাকার একটি ক্লাবে আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনে ডিএসইর বিভিন্ন ব্রোকারেজ হাউসের প্রায় আড়াই হাজার অনুমোদিত প্রতিনিধি বা ট্রেডার যোগ দেন।এম খায়রুল হোসেন প্রধান অতিথি হিসেবে সম্মেলনটির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ডিএসইর সভাপতি রকিবুর রহমান।এসময় এসইসির চেয়ারম্যান বলেন, কোনো কোম্পানি প্লেসমেন্টে শেয়ার বিক্রি করতে চাইলে তাতে কোনো বাধা নেই। কিন্তু অধিমূল্য বা প্রিমিয়াম নিয়ে কোনো কোম্পানি প্লেসমেন্টে শেয়ার বিক্রি করতে পারবে না। সম্প্রতি এসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান কমিশন একটি স্থিতিশীল ও শক্তিশালী পুঁজিবাজার গঠনে কাজ করে চলেছে। এ জন্য বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে এ দেশের প্রেক্ষাপট বিবেচনায় নতুন নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। পুরোনো অনেক আইনে সংশোধন আনা হয়েছে। খায়রুল হোসেন আরও বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়নে আমরা সবাই কাজ করে যাচ্ছি। বাজারে উত্থান-পতন থাকবে, এটাই স্বাভাবিক। একটি বড় ধরনের পতনের পর বাজার আগের অবস্থায় ফিরে আসতে অনেক দিন সময় লেগে যায়।’সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসইসির সদস্য হেলালউদ্দিন নিজামী, আবদুস সালাম সিকদার, ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান, পরিচালক আহসানুল ইসলাম ও মিনহাজ মান্নান ইমন প্রমুখ।সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের উদ্দেশে এসইসির চেয়ারম্যান বলেন, আপনারা বাজারের মূল চালিকাশক্তি। আপনাদের ওপর বাজারের গতিশীলতা নির্ভর করছে। একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে হলে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আর তা হলেই একটি শক্তিশালী, সুস্থ ও স্থিতিশীল বাজার গড়ে তোলা সম্ভব। যার মাধ্যমে দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ভূমিকা আরও বাড়বে।রকিবুর রহমান বলেন, ‘অনুমোদিত প্রতিনিধিরা ব্রোকার ও বিনিয়োগকারীদের মধ্যে যোগসূত্র স্থাপন করে থাকেন। এ ক্ষেত্রে গ্রাহকেরা কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিলে অনুমোদিত প্রতিনিধিদের উচিত হবে তাঁদেরকে সংশোধন করা। গ্রাহকদের সুপরামর্শ দেওয়া।’সম্প্রতি বিক্রি হওয়া এম এইচ সিকিউরিটিজ ব্রোকারেজ হাউসের প্রসঙ্গ তুলে ধরে ডিএসই সভাপতি বলেন, একজন সদস্যের কাছে সবচেয়ে প্রিয় জিনিস তাঁর ব্রোকারেজ হাউস। এটি বিক্রি করে দেওয়া যেকোনো সদস্যের জন্য খুবই কষ্টের। এম এইচ সিকিউরিটিজের অনুমোদিত প্রতিনিধিরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে হাউসটি বিক্রির অবস্থা তৈরি হতো না। আহমেদ ইকবাল হাসান বলেন, অনুমোদিত প্রতিনিধিদের ওপর বাজারের ও ব্রোকারেজ হাউসের মালিকের স্বার্থ নির্ভর করে।