বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ব্যাংকগুলোর সনাতনী ব্যবস্থার পরিবর্তন করেই পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর আদিবাসীদের ঋণসুবিধার আওতায় আনা হবে। তাদের সম্পদের পরিবর্তে দলভিত্তিক সমাবেশ (মোবিলাইজেশন) ঘটিয়ে সামাজিক জামানতের ভিত্তিতে ঋণ দেওয়া হবে।বান্দরবানে গতকাল শনিবার স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকার ও বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।গভর্নর বলেন, ঐতিহ্যপ্রিয় বেশির ভাগ আদিবাসীরই ব্যাংকে জামানত রাখার মতো ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি নেই। কারণ তারা এখনো সম্পদের সামাজিক মালিকানায় বিশ্বাসী। এ জন্য পাঁচ-ছয় পরিবারে একটি দল গঠন করে ওই দলকে সামাজিক জামানত হিসেবে বিবেচনায় নিয়ে ঋণ দেওয়া হবে।জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক নওশেদ চৌধুরী ও পুলিশ সুপার কামরুল আহসান।জেলা প্রশাসক বলেন, সহজ-সরল আদিবাসীদের ঋণ দেওয়া হলে তা আদায়ের ক্ষেত্রে তাঁরা কখনো গরমিল করবেন না।এনজিওকর্মী ডনাইপ্রু নেলী বলেন, বান্দরবানে ক্ষুদ্র ও মাঝারিশিল্পে (এসএমই) বিনিয়োগের ব্যাপারে ব্যাংকগুলোর কোনো আগ্রহ নেই। পরে গভর্নর বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৭৩ জন কৃষকের মধ্যে কৃষিঋণ বিতরণ করেন।