অননুমোদিত শাখায় বৈদেশিক লেনদেন না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের যেসব শাখার বৈদেশিক লেনদেন করার অনুমোদন নেই অর্থাৎ নন-এডি শাখা, সেসব শাখাকে সব ধরনের বৈদেশিক মুদ্রার লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা প্রতিটি তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।এতে বলা হয়েছে, ব্যাংক শাখা খোলার অনুমতিপত্রে বৈদেশিক মুদ্রায় লেনদেন বা এ-সংক্রান্ত কাজ করতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের অনুমতি নেওয়ার শর্ত রয়েছে। এর পরও কোনো কোনো শাখা অনুমোদিত ডিলার লাইসেন্স (এডি) না নিয়ে বৈদেশিক মুদ্রায় লেনদেন, বিল ক্রয় বা এ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ পরিস্থিতিতে অনুমোদিত ডিলার লাইসেন্স ছাড়া কোনো ব্যাংক শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রায় কোনো কার্যক্রম পরিচালনা না করার জন্য নির্দেশ দেওয়া হলো।ব্যাংকের শাখা খুলতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হয়। এই অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। আর কোনো শাখায় বৈদেশিক লেনদেনের জন্য আলাদাভাবে অনুমতি নিতে হয় বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে। কিন্তু বর্তমানে অনেক ব্যাংক শাখা আলাদা অনুমতি না নিয়েই বৈদেশিক মুদ্রায় বিল বেচাকেনা, রেমিট্যান্স আহরণসহ বিভিন্ন কাজ করছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ের আলোচিত হল-মার্কের ভুয়া বিল ক্রয়ের সঙ্গে যে ২৬ ব্যাংকের ৫৪ শাখা জড়িত থাকার কথা বাংলাদেশ ব্যাংক বলছে, এর অনেক শাখাই নন-এডি শাখা।বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বর্তমানে দেশে সব মিলিয়ে ৪৭ ব্যাংকের আট হাজার ১০০টির মতো শাখা রয়েছে। এর মধ্যে এডি শাখা রয়েছে ৮০০টি।