অভিযুক্ত ই–কমার্স প্রতিষ্ঠানগুলোর অবস্থা জানতে নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

অভিযুক্ত ই–কমার্স বা ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ অবস্থা জানতে মঙ্গলবার সাত সদস্যের কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটি গঠনের তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), আইন ও বিচার বিভাগ ও ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) একজন প্রতিনিধি থাকবেন।
কমিটির কার্যপরিধির মধ্যে আছে পুলিশের বিশেষ শাখা (এসবি), সিআইডিসহ সব গোয়েন্দা সংস্থার কাছ থেকে অভিযুক্ত ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ ও পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা।

আগামী এক মাসের মধ্যে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে ম্যাট্রিক্স তৈরি করতে হবে এবং তা বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। কাজের সুবিধার্থে কমিটি যেকোনো মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, অধিদপ্তর ও পরিদপ্তরের উপযুক্ত প্রতিনিধিকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে বলে বলা হয়েছে।

ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, লেনদেনে ভোক্তা ও বিক্রেতাদের অসন্তোষ ও প্রযুক্তিগত সমস্যা দূর করতে চার মাস আগে একটি কারিগরি কমিটি গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটির সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান। সম্প্রতি অনুষ্ঠিত ওই কমিটির দ্বিতীয় সভায় নতুন কমিটি করার সিদ্ধান্ত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ২৪ আগস্ট ৯টি ই–কমার্স প্রতিষ্ঠান নিয়ে তদন্ত করতে বলেছিল বাংলাদেশ ব্যাংককে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ধামাকা শপিং, আলেশা মার্ট, ই–অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুববুম, আদিয়ান মার্ট, নিড ডটকম ও কিউকম। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে গত বছর ইভ্যালির বিষয়ে প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গত ডিসেম্বরে ধামাকা শপিং নিয়েও তদন্ত করে মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠায়।