অনলাইন ক্লাসের কার্যকারিতা নিয়ে সংশয় ৮৩% শ্রমিক পরিবারের
করোনার সময় অনলাইনে ক্লাসের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৮৩ শতাংশ পোশাকশিল্পের শ্রমিকের পরিবার। ১৭ শতাংশ শ্রমিক পরিবার অনলাইন ক্লাসকে কার্যকর বলে মনে করছে।
পোশাক খাতের সন্তানদের নিয়ে করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এবং মাইক্রোফিন্যান্স অপরচুনিটিজ (এমএফও) যৌথভাবে এ জরিপটি করেছে। আজ বুধবার জরিপের তথ্য প্রকাশ করা হয়।
জরিপে পোশাককর্মীদের জিজ্ঞেস করা হয়েছিল, করোনা মহামারির পর সশরীর ক্লাস চালু হলে তাঁদের পরিবারের শিশুরা পড়াশোনা চালিয়ে যাবে কি না। স্কুলগামী শিশু রয়েছে এমন ৯ শতাংশ পরিবার ধারণা করেছে, তাদের সন্তানেরা মহামারির পর পড়াশোনা আর চালিয়ে যাবে না। ঝরে পড়ার কারণগুলোর মধ্যে অন্যতম হলো, তারা এখন পড়াশোনার খরচ বহন করতে অক্ষম। তা ছাড়া অনেকে মহামারির সময় অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গেছে।
সানেম ও এমএফও জানিয়েছে, এ বছর ১৩ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি ১ হাজার ২৮০ জন পোশাকশ্রমিকের ওপর তাঁদের পরিবারের শিশুদের শিক্ষার বিষয়ে এই জরিপটি পরিচালনা করা হয়। জরিপে অংশ নেওয়া পোশাককর্মীদের মধ্যে ৭৬ শতাংশ বা ৯৭৫ জন নারী এবং ২৪ শতাংশ বা ৩০৫ জন ছিলেন পুরুষ।
জরিপের ফলাফলে দেখা গেছে, অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী শিশু রয়েছে এমন ৩১ শতাংশ পরিবার মনে করে, ক্লাসগুলো কার্যকর নয়। ৫২ শতাংশ পরিবার অনলাইন ক্লাসের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত নয়। তাদের অনলাইন ক্লাস সম্পর্কে কোনো ধারণাই নেই। মাত্র ১৭ শতাংশ পরিবার অনলাইন ক্লাসকে কার্যকর বলে মনে করেছে।
জরিপে অংশগ্রহণকারী পরিবারগুলোর মতে, ২৪ শতাংশ ছেলেশিশু ও ২১ শতাংশ মেয়েশিশু এখনো করোনাকালের পড়াশোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তবে ৮৯ শতাংশ শ্রমিক পরিবার আশা করে, তাদের ছেলেরা অন্তত উচ্চমাধ্যমিকের গণ্ডি পার হবে। অন্যদিকে মেয়েশিশুদের ক্ষেত্রে ৭৭ শতাংশ পরিবার এই প্রত্যাশা করে। ৩৭ শতাংশ পরিবারের প্রত্যাশা, তাদের ছেলেরা স্নাতকোত্তর স্তরে পৌঁছাবে। মেয়েশিশুর ক্ষেত্রে এই হার ৩৫ শতাংশ।
১৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁদের কারখানায় দিবাযত্ন কেন্দ্র রয়েছে। ৬২ শতাংশ কর্মী বলেছেন, তাঁদের কারখানায় শিশুদের জন্য কোনো দিবাযত্নের ব্যবস্থা নেই। ২১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, এ রকম কোনো সেবা আছে কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। শিশুদের দিবাযত্ন কেন্দ্র রয়েছে এমন পোশাক কারখানাগুলোর মধ্যে ৮৮ শতাংশ কারখানাতে মালিক দিবাযত্ন সেবার খরচ বহন করেন। পোশাক কারখানায় দিবাযত্ন কেন্দ্রের অনুপস্থিতিতে পোশাককর্মী যখন কাজ করেন, তখন ৩১ শতাংশ কর্মীর সন্তানদের দাদা-দাদি বা নানা-নানি দেখাশোনা করেন, ১৯ শতাংশ কর্মীর সন্তানদের প্রতিবেশীরা দেখাশোনা করেন। ১৪ বছর বা তার কম বয়সী শিশু রয়েছে এমন ১২ শতাংশ পরিবারে যখন বাবা-মা কর্মস্থলে থাকেন, তখন বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য কেউ থাকে না।
সানেম ও এমএফও বলছে, করোনা মহামারির সময় বিধিনিষেধ এবং স্কুল বন্ধ থাকার কারণে বাংলাদেশের ৩ কোটি ৬৫ লাখ শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এর সুদূরপ্রসারী প্রভাবের মধ্যে রয়েছে শেখার ক্ষতি, ঝরে পড়ার হার বৃদ্ধি, এমনকি শিশুশ্রম বা বাল্যবিবাহের প্রবণতা বেড়ে যাওয়া। ইউনেসকোর মতে, অনলাইন শিক্ষাব্যবস্থা সশরীর ক্লাসের অভাব সম্পূর্ণরূপে পূরণ করতে পারে না। ডিজিটাল বিভাজন মহামারির মধ্যে শিক্ষায় বৈষম্যকে আরও প্রকট করেছে।
স্কুলগামী শিশু রয়েছে এমন পরিবারের মধ্যে ১১ শতাংশ জানিয়েছে, তাদের সন্তানদের স্কুল নিয়মিত অনলাইন ক্লাস নিয়েছে। ২৬ শতাংশের মতে, স্কুল অনলাইন ক্লাস নিলেও তা নিয়মিত নয়। ৫৩ শতাংশ জানিয়েছে, তাদের সন্তানদের স্কুল কোনো অনলাইন ক্লাস নেয়নি। এই পরিসংখ্যানের মাধ্যমে এটিই স্পষ্ট হয় যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করার মতো সক্ষমতা সব স্কুলের নেই।
জরিপে জানা গেছে, মহামারির সময়ে পোশাককর্মীরা তাঁদের সন্তানদের পড়াশোনার ঘাটতি কাটিয়ে ওঠার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন। মহামারিতে স্কুলের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষার পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় কিছু পরিবারে বাবা-মা নিজেরাই তাঁদের সন্তানদের বাড়িতে পড়িয়েছেন। কিছু পরিবারের শিশুরা স্বেচ্ছায় বাড়িতে নিজে পড়াশোনা করেছে। কিছু পরিবারে বাবা-মায়েরা গৃহশিক্ষক নিয়োগ দিয়েছেন। কিছু পরিবারে বড় ভাইবোনরা তাদের ছোট ভাইবোনদের পড়াশোনায় সহায়তা করেছে।