দেশের সরকারি-বেসরকারি ৪০ ব্যাংকের অনলাইনভিত্তিক লেনদেনে গতকাল দিনভর বিঘ্ন ঘটেছে। ইন্টারনেট নেটওয়ার্ক সংযোগে ব্যাঘাত ঘটায় এ পরিস্থিতির মুখোমুখি হতে হয় ব্যাংকগুলোকে। ফলে গ্রাহকদেরও পোহাতে হয় ভোগান্তি।
জানা গেছে, সরকারি-বেসরকারি ৪০ ব্যাংকে ইন্টারনেট নেটওয়ার্ক সেবা দেয় মেট্রোনেট নামের একটি প্রতিষ্ঠান। রাজধানীর বাংলামোটর এলাকায় সোনারতরী টাওয়ারে অবস্থিত মেট্রোনেট কার্যালয়ে আগুন লেগে বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে যায়। এ কারণে প্রতিষ্ঠানটির সেবা বন্ধ ছিল সকাল থেকে। আর তাতেই মেট্রোনেটের সেবা ব্যবহারকারী ৪০টির বেশি ব্যাংকে অনলাইনভিত্তিক লেনদেনে বিঘ্ন ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সকাল থেকে মতিঝিলের সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় থেকে টাকা স্থানান্তর ও অন্য শাখার টাকা ওঠানো বন্ধ ছিল। একই অবস্থা ছিল ব্যাংকটির আরও ৪০০ শাখায়।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমের সঙ্গে মেট্রোনেট, টেলনেট, লিংক-৩ এবং ব্র্যাক নেট—এই চার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কানেকটিভিটি রয়েছে। ফলে অনলাইনভিত্তিক লেনদেন সেবার জন্য ব্যাংকগুলোকে এই চারটি প্রতিষ্ঠান থেকে সংযোগ নিতে হয়। নিয়মানুযায়ী, বিশেষ পরিস্থিতিতে সেবা চালু রাখতে প্রতিটি ব্যাংক শাখায় ন্যূনতম দুটি প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সোনালী ব্যাংকসহ সব ব্যাংকে এ ব্যবস্থা রয়েছে।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ‘গ্রাহকদের সেবা দিতে বড় কোনো সমস্যা হয়নি। আমরা অন্য নেটওয়ার্ক ব্যবহার করে সেবা দিয়েছি।’
মেট্রোনেটের তথ্য অনুযায়ী, সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, ইস্টার্ণ, ইসলামী, ব্র্যাক, ডাচ্-বাংলা, ইউসিবি, ন্যাশনাল, প্রাইমসহ আরও বেশ কয়েকটি ব্যাংক তাদের গ্রাহক।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী বলেন, ‘মেট্রোনেটের পাশাপাশি আমরা অন্য প্রতিষ্ঠানেরও নেটওয়ার্ক সেবা নিয়ে থাকি। এ কারণে বড় কোনো সমস্যা হয়নি।’