অনলাইনভিত্তিক উদ্যোক্তা তৈরি করছে কেইমু
সিরাজগঞ্জের নুরুল ইসলাম। দুই বছর আগেও সামান্য বেতনে চাকরি করতেন। আর এখন তিনি একজন সফল উদ্যোক্তা। বছরে আয় করেন ১০ লাখ টাকারও বেশি। অনলাইনভিত্তিক ই-কমার্স বা কেনাকাটার ওয়েবসাইট কেইমুর মাধ্যমে ব্যবসা করেই নিজের আর্থিক অবস্থার পরিবর্তন করেছেন এই তরুণ।
শুধু নুরুল ইসলাম নন, কেইমু ডট কম বাংলাদেশের মাধ্যমে অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রি করেন এমন উদ্যোক্তা ও বিক্রেতা আছেন ১০ হাজার। এঁদের একটি বড় অংশই অনলাইনের মাধ্যমে নতুন পণ্য বিক্রি করছেন। পাশাপাশি পৌঁছে দিচ্ছেন গ্রাহকের হাতে।
কেইমুর সহপ্রতিষ্ঠাতা নিরোশান বালাসুব্রামানিয়াম বলেছেন, অন্যান্য ই-কমার্সভিত্তিক ওয়েবসাইটের সঙ্গে কেইমুর প্রধান পার্থক্য হচ্ছে অন্যান্য মাধ্যমগুলোতে বেশির ভাগ ক্ষেত্রে পুরোনো পণ্য বিক্রি হয়। আর কেইমুর অধিকাংশই নতুন পণ্য। নতুন নতুন পণ্য প্রস্তুতকারকদের হয়ে বাজারজাত বা বিক্রির ক্ষেত্রে কেইমু একটি বড় মাধ্যম বা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এর ফলে উদ্যোক্তাকে পণ্য বিক্রির জন্য বাড়তি অর্থ বিনিয়োগ করতে হচ্ছে না। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে কেইমুর কর্মকাণ্ড সম্পর্কে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতার এসব তথ্য জানান তিনি। গত বৃহস্পতিবার রাজধানীর বনানীতে কেইমুর প্রধান কার্যালয়ে এ আলাপচারিতায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে প্রতিষ্ঠানটির প্রধান হেনরিক সাচে ও উপপ্রধান কাজি জুলকারনায়েন।
কর্মকর্তারা জানান, কেইমু জার্মানির তথ্যপ্রযুক্তি (আইটি) কোম্পানি রকেট ইন্টারনেটের একটি ব্যবসায়িক উদ্যোগ। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের ৩৫টি দেশে এটির কার্যক্রম চলছে। ২০১৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। গত দেড় বছরে প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখে।
নিরোশান বালাসুব্রামানিয়াম বলেন, নিবন্ধিত গ্রাহকের মধ্যে একবার কেনার পর ৩০ শতাংশ দ্বিতীয়বারের মতো েনাকাটার মাধ্যম হিসেবে কেইমুকে ব্যবহার করেছেন। দেখা যাচ্ছে, দ্বিতীয়বার এসে ওই গ্রাহকেরা প্রথমবারের তুলনায় বেশি টাকার কেনাকাটার করছেন।
পোশাক, জুতা, মুঠোফোন, অলংকার, ইলেকট্রনিক পণ্য, আসবাব থেকে শুরু করে ব্যবহার্য সব ধরনের পণ্য কেইমুর মাধ্যমে কেনা যায়। এ জন্য পণ্যের নির্ধারিত দামের পাশাপাশি পণ্যটি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আলাদা অর্থ দিতে হয়। ঢাকার মধ্যে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিতে বিক্রেতাভেদে ৩০ থেকে ৭০ টাকা খরচ নেওয়া হয়। ঢাকার বাইরের অন্যান্য বিভাগ ও জেলার জন্য এই খরচ ১০০ টাকা। ক্রয়ের আদেশ পাওয়ার ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের মধ্যে গ্রাহকের কাছে পণ্য সরবরাহ করা হয়। বিক্রির মাধ্যম হিসেবে সেবা দিয়ে বিক্রীত পণ্যের ওপর থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ কমিশন পায় কেইমু।
নিরোশান বালাসুব্রামানিয়াম বলেন, সেবা ও পণ্যের মান নিশ্চিত করতে বিক্রেতাদের একটি সেবামানের ক্রমতালিকা বা র্যাঙ্কিং করে কেইমু। সে অনুযায়ী বিক্রেতাদের প্লাটিনাম, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ চারটি শ্রেণিতে ভাগ করা হয়। এর ফলে ক্রেতারা বিক্রেতা সম্পর্কে প্রাথমিক একটি ধারণা পান। এ ছাড়া পণ্যের মানভেদ বোঝাতে পণ্যের পাশে তারকা চিহ্ন দেওয়া থাকে। ক্রেতাদের ভোটেই এই তারকা মান ঠিক হয়। তিনি আরও বলেন, ক্রয়াদেশ দেওয়ার পরও পণ্য পছন্দ না হলে ক্রেতারা যেমন সে পণ্য ফেরত দিতে পারেন, তেমনি পণ্য হাতে পাওয়ার পরই অর্থ পরিশোধের সুযোগ রয়েছে।