অনলাইনে অর্থ পরিশোধ ব্যবস্থা চালু করছে ইপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক খাতের ছয় হাজার নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য অনলাইনে অর্থ পরিশোধব্যবস্থা চালু করতে যাচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এটি বাস্তবায়নে ইপিবির সঙ্গে যৌথভাবে কাজ করবে ব্র্যাক ব্যাংক। ১৭ জুন অনলাইনভিত্তিক এ কার্যক্রম চালু হবে বলে জানা গেছে।এ জন্য ইপিবি ও ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম। ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের এ অনুষ্ঠানেই দেশে দুর্নীতি বাড়ছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। তিনি বলেন, ‘দুর্নীতির অবনতি হচ্ছে। দিন দিন তা আরও বাড়ছে। আমার আশঙ্কা, ভবিষ্যতে এটা আরও বাড়বে।’ তিনি আরও বলেন, ‘গণতন্ত্রকে রক্ষার নামে আমরা অনেক ক্ষেত্রেই দুর্নীতি ও সুশাসনকে নিচে নামিয়ে আনছি। নির্বাচনে জেতার জন্য অনেকেই এটা করছেন।’বাণিজ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার করলে সবাই উপকৃত হয়। অনেক ক্ষেত্রে দুর্নীতিও কমে যায়। বিশ্বায়নের সঙ্গে তাল মেলাতে সরকার বিভিন্ন খাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়ে নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু কিছু সুবিধাভোগী মানুষ যাঁরা দুর্নীতিকে লালন করেন, তাঁদের বাধার কারণে সরকারের উদ্যোগগুলো অনেকাংশেই সফল হচ্ছে না। জি এম কাদের বলেন, ‘দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দুর্নীতিই এখন নীতি হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দুর্নীতিকে জনগণ স্বাভাবিকভাবে নিতে শুরু করেছে।’ ইপিবির অনলাইনভিত্তিক সেবাটি চালু হলে এ ক্ষেত্রে দুর্নীতি কিছুটা হ্রাস পাবে বলে মন্তব্য করেন তিনি।ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বলেন, বর্তমান ম্যানুয়েল ব্যবস্থায় অনেক সময় অপচয় ও দুর্ভোগে পড়তে হয় রপ্তানিকারকদের। অনলাইন ব্যবস্থা চালু হলে ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দিয়ে জিএসপি সনদ নেওয়ার কাজ অনলাইনে সহজে করা যাবে।শুভাশীষ বসু বলেন, ‘গত বছর ইপিবি তিন লাখ ১২ হাজার ৮২৯টি জিএসপি সনদ ইস্যু করেছে। অনলাইন ব্যবস্থা চালু হলে এ ক্ষেত্রে জালিয়াতি বন্ধ হবে। স্বচ্ছতা বৃদ্ধি পাবে।’