অনলাইনে আবাসন মেলা শুরু

>
- প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেছে প্রথম আলো
- ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই অনলাইন আবাসন মেলা
- আগ্রহী ক্রেতারা প্রকল্পগুলোর বিস্তারিত দেখতে পারবেন
- অনলাইনেই যোগাযোগ করতে পারবেন আগ্রহী ক্রেতারা
- অনলাইনে নির্ধারিত সাইটে গিয়ে তথ্য জানা যাবে
- সকাল ১০ টা–রাত ১০টা পর্যন্ত সরাসরি চ্যাটের সুযোগ
নিজের কষ্টের উপার্জনে জমি কিংবা ফ্ল্যাট কিনতে চান? ভাবছেন—কীভাবে কী করবেন? আপনার কাজটি সহজ করে দিতে প্রথম আলো আয়োজন করেছে অনলাইন আবাসন মেলার। সে জন্য আপনার স্মার্টফোন বা কম্পিউটারে প্রথম আলোর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে থাকা জমি ও ফ্ল্যাটের বিশাল সমাহার থেকে সহজেই বেছে নিতে পারবেন আপনার পছন্দের ঘরটি।
আজ বুধবার থেকে শুরু হচ্ছে দেশের প্রথম অনলাইন আবাসন মেলা। ‘ঘরে বসেই ঘর খুঁজুন’ শিরোনামের এ মেলার প্রধান পৃষ্ঠপোষক বহুজাতিক কোম্পানি বার্জার। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় ৪৫টি আবাসন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় থাকছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও বগুড়ার নানা আবাসন প্রকল্প। দেশের বিভিন্ন স্থানের ৭ হাজার ফ্ল্যাট, সাড়ে ৩ লাখ কাঠা জমি, ১৫ লাখ বর্গফুট বাণিজ্যিক স্পেস থাকছে বিক্রির জন্য। ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এ আয়োজনের মাধ্যমে আগ্রহী ক্রেতারা প্রকল্পগুলোর বিস্তারিত দেখতে পারবেন। চাইলে অনলাইনেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন আগ্রহী ক্রেতারা। এ ছাড়া অনলাইনে নির্ধারিত সাইটে গিয়ে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি চ্যাট করে নানা তথ্য জানা যাবে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল মঙ্গলবার বিকেলে অনলাইন আবাসন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নেতারা ছাড়াও বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান, আয়োজনের পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেলার টাইটেল স্পনসর বার্জারের প্রজেক্ট, পোলিং ও ডেকোর বিভাগের প্রধান হাসানুজ্জামান বলেন, ‘ভার্চ্যুয়াল আবাসন মেলা একটি নতুন ধারণা। প্রথম আলো সব সময় নতুন ধারণা আমাদের সামনে নিয়ে আসে।’ তাঁর প্রত্যাশা, সামনের দিনগুলোতে এটি আবাসন খাত এবং এ খাতের সঙ্গে যাঁরা যুক্ত, সবার জন্য নতুন প্ল্যাটফর্ম হয়ে উঠবে। এর মাধ্যমে নতুন সম্ভাবনাও তৈরি হয়ে গেছে বলে মনে করেন তিনি। তবে তিনি বলেন, মেলায় আসা প্রকল্পগুলো সম্পর্কে মানুষের যেন কোনোভাবে নেতিবাচক ধারণা তৈরি না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
মেলার কৌশলগত অংশীদার আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘প্রথম আলো নতুন যে ধারণাটি নিয়ে এসেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই।’ দেশের আবাসন খাতের সঙ্গে ২৫০টি শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাই আবাসন খাত ভালো থাকলে এই উপখাতগুলোও ভালো থাকবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রিহ্যাবের আবাসন মেলা শুরু হবে। তার আগে অনলাইনে আবাসন মেলা ক্রেতাদের স্বপ্নের ঘর খুঁজে পেতে সহায়তা করবে।
অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, বাংলাদেশের প্রধান একটি ব্যবসায়িক খাত আবাসনশিল্পকে বিশেষ গুরুত্বের সঙ্গে মানুষের সামনে তুলে ধরতে প্রথম আলো এই উদ্যোগ নিয়েছে। মানুষ এখন নতুন নতুন প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে। তাই প্রতিটি ব্যবসাতেই প্রযুক্তির ছোঁয়া লাগছে। এবারের আয়োজন পর্যালোচনা করে সামনের দিনেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান তিনি।

আবাসন প্রতিষ্ঠান র্যানকন গ্রুপের ডিভিশনাল ডিরেক্টর (রিয়েল এস্টেট) মাশিদ রহমান বলেন, কিছুদিন আগেও আবাসন খাতে নেতিবাচক অবস্থা ছিল। কিন্তু খাতটি আবারও ঘুরে দাঁড়িয়েছে। এই খাতকে এগিয়ে নিতে সবার একসঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
রিহ্যাবের সহসভাপতি কামাল মাহমুদ আবাসন খাতকে এগিয়ে নিতে সরকারের আরও সহায়তার প্রত্যাশা করেন। পাশাপাশি গণমাধ্যমে আবাসন খাতের ইতিবাচক তথ্য তুলে ধরে ভাবমূর্তি বাড়াতে সহায়তার অনুরোধ জানান। তাঁর মতে, সবাই মিলে কাজ করলে দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারবে এই খাত। একই সঙ্গে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি।
রিহ্যাবের পরিচালক ও সংগঠনটির মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী বলেন, রিহ্যাব মেলার আগে আগে অনলাইনে প্রথম আলোর এ আয়োজনের সুফল পাবেন এ খাতের উদ্যোক্তারা। এই খাত নানা সমস্যা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। এখন সবার সহায়তা নিয়ে সামনের দিনগুলোতে খাতটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি।
আবাসন খাতের প্রতিষ্ঠান মেইলিওর ডেকোর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান মনে করেন, প্রথম আলোর এই উদ্যোগ আবাসন খাতকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর ডিজিটাল বিজনেসের ব্যবস্থাপক জাবেদ সুলতান মেলার নানা দিক তুলে ধরেন। প্রথম আলো ডিজিটালে আবাসন সংস্থাগুলো কী ধরনের সুবিধা পেতে পারে, সে তথ্যও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবাসন খাতের প্রতিষ্ঠান মেরিন গ্রুপের চেয়ারম্যান নুসরাত ই খুদা, অলিম্পিয়া হোল্ডিংসের মো. জামিল উদ্দিন প্রমুখ।
প্রথমবারের মতো আয়োজিত ‘বার্জার–প্রথম আলো আবাসন মেলার’ সহযোগী হিসেবে আরও আছে র্যানকন রিয়েল এস্টেট ডিভিশন, কনকর্ড গ্রুপ, ওরিয়ন গ্যাস, মেইলিওর ডেকো, আইডিএলসি ও মেরিন গ্রুপ। সম্প্রচার সহযোগী হিসেবে রয়েছে নাগরিক টিভি ও এবিসি রেডিও। ওয়েবসাইটের মাধ্যমে এই মেলার তথ্য সংগ্রহ ও অংশগ্রহণ করা যাবে এই ঠিকানায় service.prothomalo.com/abashonmela।