অনলাইনে কর পরিশোধ করা গেলেও বিবরণী দাখিলের সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ ঘটা করে অনলাইনে আয়কর বিবরণী বা নথি দাখিল পদ্ধতি চালু করা হলেও আয়কর মেলায় সেই সুযোগ পাচ্ছেন না করদাতারা। তবে অনলাইনে কর পরিশোধের সুযোগ রয়েছে। বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ও কর অঞ্চল-৮-এর করদাতারা অনলাইনে আয়কর নথি দাখিলের সুবিধা পেতেন। কিন্তু মেলায় এবার সেই সুযোগ রাখা হয়নি। এর কারণ হিসেবে এনবিআরের সদস্য এম এ কাদের সরকার প্রথম আলোকে বলেন, ‘এলটিইউ করদাতারা সাধারণত মেলায় আয়কর নথি দাখিল করেন না। আর কর অঞ্চল পুনর্বিন্যাস করায় আগের কর অঞ্চল-৮-এর অনেক করদাতা কর অঞ্চল-১০-এ চলে গেছেন, যাঁদের কর নথি হালনাগাদ করা হয়নি।’ তবে মেলায় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা সোনালী ব্যাংকের প্রিপেইড কার্ডের মাধ্যমে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারছেন করদাতারা। গতকাল বুধবার পর্যন্ত মেলায় ছয় শতাধিক করদাতা অনলাইনে কর পরিশোধ করেছেন। অনলাইনে কর পরিশোধের বিশেষ বুথে আসা করদাতারা কীভাবে অনলাইনে কর পরিশোধ করা যায় তা জানতে চান। মূলত ব্যবহারবিধি জানাই ছিল তাঁদের উদ্দেশ্য। তবে কিছু করদাতা ডেভিড কার্ডের মাধ্যমে কর দেন। গতকাল সারা দিনই এসব বুথে আসা করদাতাদের আনাগোনা ছিল বেশ।রাজধানীর অফিসার্স ক্লাবে চলমান আয়কর মেলায় অনলাইনে কর পরিশোধের জন্য তিনটি বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। ব্যাংক হিসাব না থাকলেও অনলাইনে কর পরিশোধ করা যাবে। এ জন্য সোনালী ব্যাংকের প্রিপেইড কার্ড ব্যবহার করতে হবে।এদিকে গতকাল বুধবার পর্যন্ত কর মেলায় ২২ হাজার ৪৪৭ জন করদাতা তাঁদের আয়কর বিবরণী জমা দিয়েছেন। এতে কর পাওয়া গেছে ৪০২ কোটি ১৮ লাখ টাকা। আর সারা দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কর মেলা থেকে সব মিলিয়ে ৪০ হাজার ৫৮৬ জন করদাতা তাঁদের আয়কর বিবরণী জমা দিয়েছেন। কর পাওয়া গেছে ৪২৮ কোটি ৬৩ লাখ টাকা। মেলাগুলো থেকে মোট সাত হাজার ২৬২ জন নতুন কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন।