অনলাইনে কর পরিশোধব্যবস্থা চালু হচ্ছে ২৬ মে
অনলাইনে যাবতীয় কর পরিশোধ করা যাবে। ২৬ মে থেকে এই ‘ই-পেমেন্ট’ বা ইলেকট্রনিক পরিশোধপদ্ধতি আনুষ্ঠানিকভাবে চালু হবে। এ পদ্ধতিতে সপ্তাহের যেকোনো সময় বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অনলাইনে আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্কসহ যাবতীয় করসংক্রান্ত পাওনা পরিশোধ করা যাবে। এজন্য বাড়তি কোনো অর্থ খরচ করতে হবে না। এই পদ্ধতির সমন্বয়কের ভূমিকায় থাকবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (ওসিএজি)। অনলাইনে কর পরিশোধে অর্থ ক্রেতার হিসাব থেকে রাজস্ব কোষাগারে জমা দিতে ‘প্রসেসরের’ কাজ করবে কিউ-ক্যাশ। নির্ধারিত ২৬টি ব্যাংকের যেকোনোটিতে কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করলে কিউ-ক্যাশ পদ্ধতি যথাযথ নিয়মে তা এনবিআরে সংশ্লিষ্ট ব্যক্তির নামে জমার ব্যবস্থা করবে। এ প্রক্রিয়া বাস্তবায়নে অর্থায়ন করছে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।গতকাল বুধবার এই ই-পেমেন্ট পদ্ধতির পরিচিতিকরণ উপলক্ষে সংশ্লিষ্ট করদাতাদের সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে এনবিআর। এতে এসব তথ্য জানানো হয়।স্থানীয় এক হোটেলে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, সদস্য এম কাদের সরকার, সৈয়দ আমিনুল করিম, মোহাম্মদ আলাউদ্দিন, রাহেলা পারভীন, সাংসদ শাহ জিকরুল আহমেদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন এনবিআরের সদস্য বশির উদ্দিন আহমেদ। অনলাইনে কর পরিশোধপদ্ধতির বিস্তারিত উপস্থাপন করেন এনবিআরের ই-গভর্নেন্স ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক কানন কুমার রায়।