অনলাইনে টিআইএন নিতে বিপত্তি
ফারুক আহমেদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে মোটা বেতনে ১২ বছর ধরে চাকরি করছেন। প্রতিবছর নিয়মিত বড় অঙ্কের আয়কর দিয়ে আসছেন। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে পুরোনো কর শনাক্ত সংখ্যাধারীদের (টিআইএন) অনলাইনে ‘ই-নিবন্ধন’ ব্যবস্থা চালু করা হয়েছে। অনলাইনে এই ব্যবস্থার কথা জেনে ফারুক আহমেদ নিজেই অনলাইনে পুরোনো টিআইএন পুনঃ নিবন্ধন নেওয়ার উদ্যোগ নিলেন। কিন্তু বিপত্তি বাধল। পুরোনো টিআইএন পুনঃ নিবন্ধনের বদলে ভুলে তিনি নতুন টিআইএন নিয়ে ফেললেন। ফলে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে একজন আনকোরা নতুন করদাতা বা টিআইএনধারী হিসেবে বিবেচিত হলেন। তিনি বিগত ১২ বছর ধরে যে কর দিয়েছেন, তা মূল্যহীন হয়ে গেছে। কীভাবে তিনি তার ভুল সংশোধন করবেন কিংবা পুরোনো টিআইএনের বিপরীতে পুনঃ নিবন্ধন নেবেন—তা এনবিআরের ওয়েবসাইটে খুঁজে পাননি। ফলে তাঁর দুশ্চিন্তা বেড়েই চলেছে। কারণ সেপ্টেম্বর মাসের মধ্যে এ বছরের বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে হবে। আবার এনবিআরের অনলাইনে নতুন টিআইএন নিতে কিংবা পুরোনো টিআইনের পুনঃ নিবন্ধন নিতে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য সঠিক না হলে অনলাইনের এই আবেদন স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করবে না এনবিআর। এমন তথ্য জেনে আঁতকে উঠেছেন বেসরকারি ব্যাংকে কর্মরত জাকির হোসেন। জাকির হোসেন জানান, কয়েক বছর আগে তিনি জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। কিন্তু তাতে তাঁর মায়ের নামের বানান ভুল। আর তাই এখন তিনি অনলাইনে নতুন টিআইএন নিতে উৎসাহ দেখাচ্ছেন না। কেননা জাতীয় পরিচয়পত্রের তথ্য ভুল থাকলে অনলাইনে টিআইএন পাওয়া যাবে না। অনলাইনে টিআইএন নিতে গিয়ে এভাবে অনেকেই বিপত্তিতে পড়েছেন। আবার এনবিআরের ওয়েবসাইটে এই ধরনের ভুল সংশোধনের কোনো সুযোগ রাখা হয়নি। ফলে করদাতা হয়রানির শিকার হচ্ছেন। দেড় হাজার অভিযোগ: এনবিআর সূত্রে জানা গেছে, গত এক মাসে ই-মেইলে এমন দেড় হাজার অভিযোগ এসেছে। বেশির ভাগ অভিযোগ হলো—ভুল করে পুনঃ নিবন্ধনের বদলে নতুন টিআইএন নেওয়া হয়ে গেছে। অনেকে ভুল তথ্য দিয়েছেন, এখন সংশোধন করতে চান। আর অনেক অভিযোগ এসেছে, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে তথ্যের সামঞ্জস্য না থাকায় আবেদন গ্রহণ করা হচ্ছে না। জানা গেছে, অনলাইনে টিআইএন গ্রহণ ও পুনঃ নিবন্ধন প্রক্রিয়ায় ভুল সংশোধন করার সুযোগ রাখা হয়নি। পুরো প্রকিয়াটি তৈরি, হালনাগাদ ও পরিচালনা করছে সিনেসিস সিস্টেম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। অবশ্য করদাতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুল সংশোধনের জন্য একটি উপায় তৈরি করতে ইতিমধ্যে এনবিআর থেকে প্রতিষ্ঠানটিকে জানানো হয়েছে। ফলে শিগগিরই ভুল সংশোধনের জন্য আলাদা ‘অপশন’ থাকবে বলে জানা গেছে। অনলাইনে ৭০ হাজার টিআইএন: অনলাইনে টিআইএন গ্রহণ ও পুনঃ নিবন্ধনের ব্যাপক সাড়া পড়েছে। আজ বৃহস্পতিবার এই ব্যবস্থা চালুর এক মাস পূর্তি। এক মাসে অনলাইনে প্রায় ৭০ হাজার নতুন টিআইএন দিয়েছে এনবিআর। এর মধ্যে অবশ্য পুরোনো টিআইএন পুনঃ নিবন্ধনও রয়েছে। পুরোনো টিআইএনধারীদের ১০ অঙ্কবিশিষ্ট টিআইএন রয়েছে। পুনঃ নিবন্ধনের পর নতুন ১২ অঙ্কবিশিষ্ট টিআইএন ক্রম পেয়েছেন সংশ্লিষ্ট আয়করদাতা। অনলাইনে নতুন টিআইএন নিলে ১২ অঙ্কবিশিষ্ট ক্রম আসবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কর শনাক্তকরণ সংখ্যাধারীদের (টিআইএন) অনলাইনে পুনঃ নিবন্ধন নিতে হবে। পুনঃ নিবন্ধন করলে তাঁদের ১২ সংখ্যাবিশিস্ট নতুন টিআইএন দেওয়া হবে। জানুয়ারি মাস থেকে আর পুরোনো টিআইএন ব্যবহার করা যাবে না। ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এনবিআর। ই-টিআইএন কার্যক্রমের জন্য গতকাল বুধবার নতুন দায়িত্ব পেয়েছেন কর অঞ্চল-১-এর কমিশনার মাহবুবুর রহমান। যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি সমস্যাসমূহ চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করবেন। তিনি মত দেন, ই-টিআইএন নিতে গিয়ে অনেকেই ভুল করছেন। এ ছাড়া প্রোগ্রামেও কিছু সমস্যা হচ্ছে। এতে বেশ সময় লাগছে। এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কীভাবে অনলাইনে টিআইএন: অনলাইনে টিআইএন নিতে হলে ইচ্ছুকদের www.incometax.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর হোমপেজের ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করে প্রথমে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। এ সময় ইচ্ছুক টিআইএনধারীর মুঠোফোনে একটি কোড আসবে। এরপর পেজের ‘ডায়লগ’ বক্সে কোডটি বসিয়ে ‘অ্যাকটিভ’ বাটনে ক্লিক করলেই নতুন টিআইএন নেওয়ার পেজ স্ক্রিনে দৃশ্যমান হবে। এরপর পেজের ফরমটি একে একে নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে। একপর্যায়ে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। আর সঙ্গে সঙ্গে জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্যসমূহ স্ক্রিনে প্রদর্শিত হবে। যদি জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্যের সঙ্গে গরমিল থাকে, তবে নতুন টিআইএনের জন্য আবেদন গ্রহণ করা হবে না। আর যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে ছবি সন্নিবেশিত করতে হবে। আর পুরোনো টিআইএনধারীদের পুনঃ নিবন্ধনের ক্ষেত্রে একই উপায়ে ফরম পূরণ করতে হবে। সর্বশেষ অনলাইনে আবেদনপত্রটি জমা দেওয়ার পর সঙ্গে সঙ্গে টিআইএন সনদ স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে ভেসে উঠবে। পরে তা প্রিন্ট নিতে হবে এবং সংরক্ষণ করতে হবে। এভাবে মাত্র কয়েক মিনিটেই স্বয়ংক্রিয় উপায়ে ঘরে বসেই টিআইএন পাওয়া যাবে। আর কোম্পানি টিআইএনের ক্ষেত্রে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধন থাকতে হবে।